
সোয়েব সাঈদ, রামু :: রামু শুকনা সুপারি বোঝাই গাড়ি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি এলাকার সুপারি ব্যবসায়ী শাহাব উদ্দিন (৩৮) রামু থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার তিনদিন পার হলেও ঘটনায় জড়িতরা আটক হয়নি।
অভিযোগে উল্লেখ করা হয়, গত সোমবার, ১০ নভেম্বর বেলা ১২টার দিকে শাহাব উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠান তানিশা ট্রেডার্স-এর কর্মচারী মিজানুর রহমান শুকনা সুপারি (ওজন ২৯০ কেজি) নিয়ে টমটম যোগে লিংকরোড স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন।
পথিমধ্যে রামু ফতেখাঁরকুল ইউনিয়নের চৌমুহনী সিএনজি স্টেশনে পৌঁছালে, স্থানীয় আনোয়ার হোসেন বাবলা (৪০) ও তার সহযোগী অজ্ঞাতনামা ৩/৪ জন হাতে ছুরি ও লাঠি নিয়ে টমটমের পথরোধ করে।
পরে তারা মিজানুর রহমানকে ভয়ভীতি দেখিয়ে ফতেখাঁরকুল ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকার মাইমুন আলী জামে মসজিদের সামনে নিয়ে যায়।
অভিযোগে আরও বলা হয়, বিবাদীরা সেখানে মিজানুর রহমানকে এলোপাতাড়ি মারধর করে এবং তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়।
পরবর্তীতে তারা টমটমে থাকা শুকনা সুপারি (মূল্য আনুমানিক ২ লাখ টাকা) নিজেদের সিএনজি গাড়িতে তুলে নিয়ে যায়।
ব্যবসায়ী শাহাব উদ্দিন জানান, “আমি স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। তাই আইনগত প্রতিকার পাওয়ার আশায় থানায় অভিযোগ দিয়েছি।”
এ বিষয়ে রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, “অভিযোগটি হাতে পেয়েছি। বিষয়টি যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Posted ৯:৩২ অপরাহ্ণ | বুধবার, ১২ নভেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta