
কক্সবাংলা ডটকম(২ সেপ্টেম্বর) :: হ্যাটট্রিক জয়ে সিরি আ’র নতুন মৌসুম শুরু করেছে জুভেন্টাস। প্রথম তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। শনিবার রাতে পারমার বিরুদ্ধে ২-১ গোলে জিতেছে মাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল।
জুভেন্টাস জিতে চললেও গোলের দেখা পাচ্ছেন না তাদের নতুন রিক্রুট ক্রিস্টিয়ানো রোনালদো। অনুশীলন ম্যাচে মাত্র আট মিনিটে গোল পেলেও ‘তুরিনের বুড়ি’দের জার্সিতে এখনো অফিসিয়াল গোল পাননি সিআর সেভেন। তবে তাতে কী আসে-যায়? কোচ অ্যালেগ্রি যে জয় পাচ্ছেন সেটাই বড় বিষয়।
ইতালিয়ান চ্যাম্পিয়নদের শুরুটা দারুণ করে দেন মারিও মানজুকিচ। ম্যাচের মাত্র দুই মিনিটের মাথায় গোল দলকে এগিয়ে দেন ক্রোয়েশিয়ান স্ট্রাইকার।
তবে প্রথমার্ধেই সমতায় ফেরে পারমা। ম্যাচের ৩৩ মিনিটের সময় অসাধারণ এক গোলে দলকে সমতায় ফেরান আইভরি কোস্ট তারকা গার্ভিনহো।
বিরতির পর আরো বেশি গোছালো ফুটবল খেলে জুভেন্টাস। প্রতি মিনিটেই লিড নেয়ার মত পরিস্থিতি তৈরি করে দলটি। কিন্তু অল্পের জন্য আসল কাজটা হচ্ছিল না তাদের।
অবশেষে ৫৮ মিনিটের মাথায় টার্গেট হাসিল হয় জুভদের। দলকে দ্বিতীয়বার এগিয়ে দেন ব্লেইস মাতুইদি। প্রথম গোলদাতা মানজুকিচের দুর্দান্ত এক ব্যাকহিল থেকে বল পেয়ে তার জালে জড়াতে এক বিন্দু ভুলও করেননি ফরাসি মিডফিল্ডার।

Posted ১১:৩৭ পূর্বাহ্ণ | রবিবার, ০২ সেপ্টেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta