
কক্সবাংলা ডটকম(২৯ আগস্ট) :: সবকিছু ঠিক থাকলে ধারণা করা হচ্ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর ঘরেই যাবে উয়েফার বর্ষসেরা গোলের পুরস্কার। ঘটলও তাই। ২০১৭-১৮ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের হয়ে বর্তমান ক্লাব জুভেন্টাসের বিপক্ষে সিআর সেভেনের বিখ্যাত বাইসাইকেল কিকটিই জিতে নিয়েছে এবারের বর্ষসেরা গোলের পুরস্কার।
মোট ৩ লাখ ৪৬ হাজার ৯১৫ ভোটারের মধ্যে ১ লাখ ৯৭ হাজার ৪৯৬টি ভোট পড়েছে রোনালদোর বাক্সে। যা মোট ভোটের ৫৬.৯ শতাংশ। আগের বছর এই পুরস্কার জিতেছিলেন পর্তুগিজ তারকার বর্তমান ক্লাব সতীর্থ মারিও মানজুকিচ। ২০১৫ ও ২০১৬ সালে পুরস্কার গেছে লিওনেল মেসির ঘরে।
ভোটে দ্বিতীয় হয়েছেন ফ্রান্স ও মার্শেইয়ে খেলা ফরোয়ার্ড দিমিত্রি পায়েত। তার বাক্সে ভোট পড়েছে ৩৫ হাজার ৫৫৮টি। তৃতীয় হয়েছেন স্পেনের অনূর্ধ্ব-১৭ নারী তারকা ইভা নাভারো। তিনি ভোট পেয়েছেন ২৩ হাজার ৩১৫টি।
পুরস্কার জিতে টুইটারে নিজের অভিব্যক্তি জানাতে ভোলেননি রোনালদো, ‘আমার মতামত হচ্ছে এটা আমার জীবনের সেরা গোলগুলোর একটি। আর স্টেডিয়ামের সবাই দাঁড়িয়ে যেভাবে আমাকে সম্মান জানিয়েছে, তাতে আমি অভিভূত। আমি খুবই অবাক হয়েছিলাম, কারণ আমার জীবনে এমনটা খুব একটা ঘটেনি।’
https://www.youtube.com/watch?v=Nt8198a0acA

Posted ১:৪৫ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ আগস্ট ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta