
এম.এ আজিজ রাসেল(২৫ জানুয়ারী) :: ঐতিহ্যবাহী হোটেল শৈবাল রক্ষায় ফুঁসে উঠেছে কক্সবাজারের মানুষ। পানির দামে বিতর্কিত ওরিয়ন গ্রুপকে বিশাল এই সম্পদ লিজ দেয়া বাতিলের দাবিতে আন্দোলন আরো প্রখর হচ্ছে। এবার হোটেল শৈবাল রক্ষায় হরতালসহ পাঁচ দিনের কর্মসূচী ঘোষণা করেছে ২২টি সংগঠন।
২৫ জানুয়ারী বৃহস্পতিবার কক্সবাজার প্রেস ক্লাবে কক্সবাজার সম্পদ রক্ষা আন্দোলন আয়োজিত সংবাদ সম্মেলনে ওই কর্মসূচী ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচিতে রয়েছে ২৭ জানুয়ারী সুশীল নাগরিকদের সাথে মতবিনিময় সভা, ২৮ থেকে ২৯ জানুয়ারী গণসংযোগ-পথসভা, ৩০ জানুয়ারী মশাল মিছিল ও ৩১ জানুয়ারী অর্ধ দিবস হরতাল। এসব কর্মসূচী স্বতস্ফূর্তভাবে সফল করতে সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, কক্সবাজার সম্পদ রক্ষা আন্দোলনের আহবায়ক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার মোহাম্মদ আলী। লিখিত বক্তব্যে তিনি বলেন, কক্সবাজারের হাজার হাজার একর জমি নানা বাহিনী ও আমলাদের বিভিন্ন সংগঠনের নামে ভাগ বাটোয়ারা করা হয়েছে।
বর্তমানে কক্সবাজারের ঐতিহ্য হোটেল শৈবাল নাম মাত্র মূল্যে ওরিয়ন গ্রুপকে লিজ দেয়া হয়েছে। কিন্তু আমরা বেচে থাকতে তা কখনো হতে দেব না। সরকারের পক্ষ থেকে ওরিয়ন গ্রুপের সাথে চুক্তি বাতিলের ঘোষণা না আসা পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, কক্সবাজারের বেশ কয়েকজন রাজনীতিক ও বিভিন্ন প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপের পক্ষে দালালি করছে। তাদের মনে রাখা উচিত কক্সবাজারের স্বার্থ বিরোধী কোন পদক্ষেপ সাধারণ মানুষ মেনে নেবে না। ইনানী বা হিমছড়িতে ওরিয়ন গ্রুপ কক্সবাজারে ট্যুারিস্ট ভিলেজ বাস্তবায়ন করতে পারে। কিন্তু শৈবালের জমিতে নয়।
শৈবাল সংলগ্ন জমি ওরিয়ন গ্রুপ বা অন্য কোন প্রতিষ্ঠানকেও লিজ দেয়া যাবে না। তবে হোটেল শৈবালের পশ্চিম লেকের পর্যটনের বার সংলগ্ন স্থানে শিশুদের চিত্র বিনোদনের জন্য আধুনিক শিশু পার্ক নির্মাণ করা যেতে যারে। যেটির নাম হবে শহীদ শেখ রাসেল শিশু পার্ক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কক্সবাজার সম্পদ রক্ষা আন্দোলনের সমন্বয়কারী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, সমন্বয়কারী কমরেড গিয়াস উদ্দিন, কলিম উল্লাহ, শহর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, আবদুল আলীম নোবেল ও সাংবাদিক এইচ,এম নজরুল ইসলাম।

Posted ১১:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta