
কক্সবাংলা রিপোর্ট(২৫ জানুয়ারী) :: সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেই বারসেট চার দিনের সফরে আগামী ৪ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন। গুরুত্বপূর্ণ এ সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুর পাশাপাশি প্রাধান্য পাবে রোহিঙ্গা সংকট।
জানা গেছে, রোহিঙ্গা সংকট নিয়ে সুইজারল্যান্ড সজাগ আছে। প্রেসিডেন্ট অ্যালেই বারসেট তাঁর আসন্ন বাংলাদেশ সফরে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এ বিষয়ে কূটনৈতিক পর্যায়ে প্রস্তুতি চলছে।
এদিকে সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের সফর প্রস্তুতির মধ্যে এ দেশে নবনিযুক্ত সুইস রাষ্ট্রদূত রেনে হোলেনস্টেইন বৃহস্পতিবার ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় রোহিঙ্গাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনের ওপর জোর দিয়েছেন।
অপরদিকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো শনিবার বিকালে ঢাকায় আসছেন। ২৪ ঘন্টারও কম সময়ে দ্বিপক্ষীয় সফর শেষে পরদিন রবিবারই তাঁর বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে। তবে সময় স্বল্পতার কারণে প্রেসিডেন্ট উইদোদোর রোহিঙ্গা শিবিরে যাওয়ার বিষয়টি চূড়ান্ত হয়নি।

Posted ২:২৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৬ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta