
কক্সবাংলা রিপোর্ট(২৭ নভেম্বর) :: বঙ্গোপসাগরে শুরু হলো ভারত মহাসাগরীয় দেশগুলোর নৌবাহিনী নিয়ে গঠিত ফোরাম আইওএনএসের আন্তর্জাতিক সমুদ্র মহড়া-ইমসারেক্স ২০১৭। ভারত মহাসাগরীয় অঞ্চলের ২৩ দেশের ৪১টি যুদ্ধ জাহাজের অংশগ্রহণে কক্সবাজারের ইনানী বীচে প্রথমবারের মতো আন্তর্জাতিক সমুদ্র মহড়ার আয়োজন।সোমবার দুপুরে কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে বর্ণাঢ্য এ আয়োজনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মোহম্মদ আবদুল হামিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব অনেক।সমুদ্র অর্থনীতির বিকাশ ঘটাতে সমুদ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ব্লু ইকনোমি ধারণাকে কাজে লাগিয়ে এ অঞ্চলের দেশগুলো আরো সমৃদ্ধশালী হবে।কেবল ইতিবাচক মনোভাবই এ অঞ্চলের সমস্যাগুলো সমাধান করতে পারে।
রাষ্ট্রপতি বলেন,এ অঞ্চলের সমুদ্রের নিরাপত্তার দায়িত্ব সবার। সকলের ঐকান্তিক চেষ্টা না থাকলে সমুদ্রের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না।ভৌগলিক সীমারেখা রাষ্ট্রকে পৃথক করলেও দেশগুলোর মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধন রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ করে।
বিশেষ হেলিকিপ্টারে করে যুদ্ধ জাহাজে সজ্জিত মহড়া পরিদর্শন করার পর বিচ কার্নিভাল উদ্বোধন করেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। সুসজ্জিত ৪১টি যুদ্ধ জাহাজ, তিনটি মেরিটাইম পেট্রল এয়ারক্রাফট ও ৪টি হেলিকপ্টার কক্সবাজার উপকূলে স্থান পেয়েছে। বিভিন্ন দেশের নৌবাহিনীর পারস্পরিক সম্পর্ক বাড়াতে এই মিলনমেলা। কক্সবাজারের ইনানীতে এই মহড়ার উদ্বোধন করেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।এ ধরনের মহড়া নৌবাহিনীকে আরো দক্ষ করে তুলবে বলে মনে করেন তিনি।বাংলাদেশ নৌ বাহিনীর সক্ষমতার কথাও উঠে আসে রাষ্ট্রপ্রধানের বক্তব্যে।
জানা যায়,২০০৮ সালে গঠন হয় ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম। ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মেরিটাইম সিকিউরিটি নিশ্চিত করতে এবং সন্ত্রাস ও চোরাচালান দমনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোই লক্ষ্য। এবার বাংলাদেশে বসেছে এর পঞ্চম আসর। এতে ভারত মহাসাগরীয় অঞ্চলের ৩২ দেশের অংশগ্রহণে বঙ্গেপাসাগরে প্রথম বারের মত আন্তর্জাতিক মহড়ার আয়োজন।
ভারত মহাসাগরের উপকূলবর্তী নৌ বাহিনীর সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সাগরে উদ্ধার কার্যক্রম পরিচালনা, প্রযুক্তি হস্তান্তর, তথ্য আদান প্রদান, নৌ বাণিজ্য রুট জলদস্যুমুক্ত রাখার লক্ষ্যে আয়োজিত এ সম্মেলনের অংশ হিসাবে কাল মঙ্গলবার ও পরদিন বুধবার দুইদিনব্যাপী এক একটি নৌ মহড়াও অনুষ্ঠিত হবে এসব দেশের নৌ–বাহিনী জাহাজের অংশগ্রহণে।

Posted ৯:৫৯ অপরাহ্ণ | সোমবার, ২৭ নভেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta