
কক্সবাংলা রিপোর্ট(৩১ ডিসেম্বর) :: কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া একটি বাসে তল্লাশি চালিয়ে পঞ্চাশ হাজার পিস ইয়াবাসহ দুই সেনা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩০ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুল মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার দুই সেনা সদস্য হলো – শিহাব উদ্দিন (৩২) ও শফিকুল ইসলাম (২৮)। তাদের মধ্যে শিহাব নেত্রকোনা জেলার বাসিন্দা আবু তাহেরের ছেলে ও শফিকুল নাটোর জেলার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে। তারা দু’জনই চট্টগ্রাম ক্যান্টনমেন্টে কর্মরত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ওসি সৈয়দুল মোস্তফা বলেন, ‘কক্সবাজার থেকে আসা একটি বাসে করে তারা চট্টগ্রাম আসছিলেন। ওই বাসে তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।‘
তিনি আরও বলেন, ‘গ্রেফতার দু’জনের নামে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।‘

Posted ১:৫৮ অপরাহ্ণ | রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta