
মো. রেজাউল করিম,ঈদগাঁও(৬ নভেম্বর) :: কক্সবাজার সদরের ঈদগাঁও টু চৌফলদন্ডী সড়কে টমটমের ধাক্কায় স্কুল ছাত্র নিহতের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৬ নভেম্বর দুপুর ১২টায় খোনকারখীল এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবী লোকজন অংশগ্রহণ করেন।
এতে বক্তব্য রাখেন খোনকারখীল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম, দারুল ফাতাহ একাডেমীর শিক্ষক শাহেদ কামাল, ছলিমা আদর্শ নূরানী মাদ্রাসার শিক্ষক বেলাল উদ্দীন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গিয়াস উদ্দীন, হেলাল উদ্দীন, কলেজ ছাত্র মোর্শেদ, এনামুল হক।
বক্তারা বলেন, অদক্ষ ড্রাইভার ও ফিটনেস বিহীন টমটম চালানোর দায়ে বারবার দূর্ঘটনা সংঘটিত হচ্ছে। সম্প্রতি ৩ মাসের ব্যবধানে একই স্থানে ভয়াবহ ৩টি দূর্ঘটনা ঘটে। এ দূর্ঘটনায় ৩ শিশু প্রাণ হারায়। অথচ সব দূর্ঘটনায় প্রত্যক্ষদর্শীরা টমটম চালককে দায়ী করেন।
মানববন্ধনে উপস্থিত বক্তারা ৮ দফা দাবী ঘোষণা করেন। দাবীর মধ্যে রয়েছে টমটম চালকের বয়স কমপক্ষে ১৮ হতে হবে। কোন কোন জায়গায় যাত্রী উঠানামা করবে তার সঠিক নিয়ম-নীতি থাকতে হবে। চলন্ত অবস্থায় ড্রাইভার মোবাইল ও হেডফোন ব্যবহার করতে পারবে না। প্রতিটি গাড়ীতে পূর্ণাঙ্গ বাতি থাকতে হবে।
বেপরোয়া গাড়ী চলাচলসহ টেকে ওভারটেক করতে পারবে না। কোন গাড়ীতে থাকলে মসজিদ-মাদ্রাসা ও স্কুলের সামনে সাউন্ড বক্সে গান বাজানো নিষিদ্ধ করতে হবে। দূর্ঘটনা খবর অবহিত হওয়ার পরপরই দ্রুত মালিক পক্ষকে ঘটনাস্থলে আসতে হবে।
সকল প্রশিক্ষণ ছাড়া কোন ড্রাইভারকে গাড়ী চালানোর অনুমতি না দিতে হবে। বর্ণিত দাবীগুলো মালিক পক্ষ মেনে না নিলে সম্মিলিতভাবে কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন বক্তারা।
উল্লেখ্য, গত ১ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে খোনকারখীল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র ঈদগড়ের করলিয়ামুরার ছুরত আলমের পুত্র তামিম (৮) টমটমের ধাক্কায় নিহত হয়। সে দীর্ঘদিন ধরে নানার বাড়িতে থেকে লেখাপড়া চালিয়ে আসছিল।

Posted ১১:৪৭ অপরাহ্ণ | সোমবার, ০৬ নভেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta