
প্রেস বিজ্ঞপ্তি(১ আগষ্ট) :: গ্রীষ্মের খরতাপ শেষে বাংলায় এসেছে বর্ষা, হাটু জলের নদীর একূল-ওকূল ধরে চলছে জলের নৃত্য। প্রকৃতিতে বইছে প্রাণ জুড়ানো বাতাসে নিত্য সুর তুলে যাচ্ছে সবুজের সমারোহ। সেই সুর আর নৃত্যের ছন্দের দোলায়িত বর্ষা এসে পৌঁছেছে সমুদ্র শহর কক্সবাজারেও। সেই বর্ষাকে বরণ করতেই কক্সবাজারে অনুষ্ঠিত হলো ‘বর্ষা বন্দনা-১৪২৫’।
শ্রাবণের মাঝামাঝি সময়ে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা শাখার আয়োজনে গত ১৬ শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ (৩১ জুলাই) কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে অনুষ্ঠিত হয় বর্ষা বন্দনা। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করলো সংগঠনটি।
গান-আবৃত্তি-নৃত্য ও কথামালার মধ্য দিয়ে বর্ষা বন্দনার সমাপ্তি ঘটে। শুরুতে অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী প্রকৃতি প্রতি ভালোবাসা ও সত্যেন সেনের জীবনসংগ্রামের উপর আলোচনা করে বর্ষা বন্দনা অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
কক্সবাজার পিটিআই’র সাবেক সুপারিনটেন্ড মো. নাসির উদ্দিন, শিক্ষাবিদ নুরুল আজিজ চৌধুরী, প্রবীন শিল্পী আব্দুল মতিন আজাদ, প্রবীর বড়–য়া, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা শাখার সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল বিশু স্বাগত বক্তব্য রাখেন।
সমবেত কণ্ঠে ‘পাগলা হাওয়ার বাদল দিনে’ গানটির মধ্য দিয়ে বর্ষা বন্দনা করা হয়। ছিলো শিশুদের নৃত্য পরিবেশনা, দলীয় নৃত্য, একক নৃত্য। কক্সবাজারের বাচিক সংগঠন শ্রুতি আবৃত্তি অঙ্গনের সভাপতি এড. প্রতিভা দাশ ও আবৃত্তি শিল্পী প্রাপ্তি দাশের আবৃত্তি অনুষ্ঠিত হয়।
একক সংগীত পর্বে ইকরাত ইরিন কাঁকন পরিবেশন করেন রবীন্দ্র সংগীত ‘আকাশ এতো মেঘলা, যেও নাকো একলা’, মৌটুসী পাল তমা পরিবেশন করেন ‘নাচ ময়ূরী নাচরে’ গানটি, মোহি বিশ্বাস পরিবেশন করেন অনেক বৃষ্টি ঝরে, নিয়াজ মোহাম্মদ চৌধুরীর জনপ্রিয় গান ‘আজ এই বৃষ্টির কান্না দেখে, মনে পড়লো’ গানটি পরিবেশন করেন সাবিত বিন শাহ্, অর্পিতা দাশ পরিবেশন করে ‘ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না’, মৃত্তিকা মজুমদার পরিবেশন করেন ‘আজ শ্রাবণের বাতাস বুকে’ গানটি, ‘আষাঢ় শ্রাবণ মানে না তো মন’ জনপ্রিয় এই গানটি পরিবেশন করে আফিয়া শামা বৃন্তা, বর্ষার আরেকটি জনপ্রিয় গান ‘রিমি রিম ঝিম রিম ঝিম নামিল দেয়া হেরি’ গানটি পরিবেশন করেন তৃষা বিশ্বাস, কাজী নজরুলের ‘এসো হে সজল শ্যাম ঘন দেয়া’ জনপ্রিয় গানটি পরিবেশন করেন সায়ন্তি ভট্টাচার্য্য ও অর্পিতা দাশের দ্বৈত কণ্ঠে কাজী নজরুল ইসলামের ‘গগনে সঘন চমকিছে দামিনী’ গানটির মধ্য দিয়ে বর্ষা বন্দনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ছোটনের দলীয় নৃত্য, একক নৃত্য ও বড়দের দলীয় নৃত্যে সহযোগিতায় ছিলেন সুপর্ণা দেব।
সমবেত কণ্ঠে উপস্থিত ছিলেন, মৌটুষী পাল তমা, আফিয়া শামা বৃন্তা, মৃত্তিকা মজুমদার, মিতা দত্ত, জিমি দে, সায়ন্তি বিশ্বাস, ইকরাত ইরিন কাঁকন, অর্পিতা দাশ, তৃষা বিশ্বাস, মোহী বিশ্বাস, সাবিত বিন শাহ্, আশরাফ হোছাইন, একরামুল হক জয়, তৌফিকুল ইসলাম, রাকিবুল ইসলাম।
পুরো অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন সংগঠনটির প্রধান সমন্বয়ক খোরশেদ আলম। স্বাগত বক্তব্য রাখেন যুগ্ন সমন্বয়ক মনির মোবারক। সঞ্চালক ছিলেন, অন্তিক চক্রবর্তী।


Posted ৭:০৯ অপরাহ্ণ | বুধবার, ০১ আগস্ট ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta