
এম.জিয়াবুল হক,চকরিয়া(২৪ জানুয়ারী) :: চকরিয়ায় আবদুল্লাহ আল নোমান সিফাত (১৭) নামের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রকে অপহরণের পর বেদড়ক পিটিয়ে হত্যার চেষ্ঠা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাতে বাড়ির পাশের একটি দোকান থেকে ওই ছাত্রকে কৌশলে ডেকে নিয়ে সিএনজি গাড়িতে তুলে অপহরণ করা হয়।
খবর পেয়ে পরিবার সদস্য ও স্থানীয় লোকজন পিছু ধাওয়া করে ঘটনাস্থলের অদুরে বেতুয়া বাজার এলাকার দক্ষিণে হামিদ মেম্বারের সুপারী বাগান এলাকা থেকে মুমূর্ষবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। রাতে তাকে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সকালে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক।
আহত শিক্ষার্থী উপজেলার বিএমচর ইউনিয়নের নয়াপড়া এলাকার মোক্তার আহমদের ছেলে। বর্তমানে শিক্ষার্থী সিফাত বিএমচর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেবেন।
আহত শিক্ষার্থীর বাবা মোক্তার আহমদ জানান, সিফাত ঘটনার দিন সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে ব্যক্তিগত কাজে বেতুয়া বাজার যায়। কাজ শেষে বাড়ি ফিরে আসলেও রাতে বাড়ির পাশের দোকান থেকে তাকে কৌশলে ঢেকে কয়েকজন যুবক। এরপর একটি সিএনজি গাড়িতে তুলে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা।
ঘটনাটি জানার পর আমরা স্থানীয়দের সহায়তায় পিছু ধাওয়া করে বেতুয়া বাজারের পাশে হামিদ মেম্বারের সুপারী বাগানের ভিতর থেকে সিফাতকে হাত-পা ও চোখ-মূখ বাধাবস্থায় উদ্ধার করি।
মোক্তার আহমদ জানান, ঘটনার সময় দুর্বৃত্তরা তাঁর ছেলেকে বেধম মারধর করেছে। তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক।
ঘটনাটি স্থানীয় বিএমচর ইউপি চেয়ারম্যান ও পরিষদের মেম্বার আবদুল হামিদকে অবহিত করা হয়েছে। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান আহত শিক্ষার্থীর বাবা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এই ধরণের ঘটনা বিষয়ে কেউ থানা পুলিশকে অভিযোগ বা অবহিত করেনি। তবে লিখিত অভিযোগ পেলে অবশ্যই তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Posted ৪:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta