
এম.জিয়াবুল হক,চকরিয়া(২৮ ডিসেম্বর) :: চকরিয়ায় প্রাইভেট নোহা মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংর্ঘষে মোহাম্মদ জাকারিয়া (৩৮) নামের মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে মাইক্রোবাসের অন্তত তিন যাত্রী।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ছড়ারকুলস্থ ঝনঝনি সেতু এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা।
নিহত জাকারিয়া চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়া গ্রামের নুরুল আলম প্রকাশ নুরু মাঝির ছেলে এবং তিনি পাথর ব্যবসায়ী ছিলেন।
আহত মাইক্রোবাস যাত্রীরা হলেন কক্সবাজার পৌরশহরের ফিশারিঘাট এলাকার আলী হোসেনের ছেলে নুরুল আলম (৩৩), একই এলাকার আবুল অদুদের ছেলে মোহাম্মদ হোছাইন (৩৪) ও আমির হামজার ছেলে শফিকুর রহমান (৪৫)। তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাৎক্ষনিক চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পাথর ব্যবসায়ী জাকারিয়া গতকাল দুপুরে বাড়ি থেকে বের হয়ে মোটর সাইকেল চালিয়ে মহাসড়ক হয়ে ফাসিয়াখালীস্থ হাসেরদিঘী এলাকার দিকে যাচ্ছিলেন। ওইসময় বিপরীত দিক কক্সবাজার থেকে ছেঁেড় চট্টগ্রামমুখী একটি প্রাইভেট নোহা মাইক্রোবাস সামনের অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে মোটর সাইকেল আরোহী মো.জাকারিয়া ঘটনাস্থলে মারা যান।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির (আইসি) সার্জেন্ট মো.নুরে আলম বলেন, নিহত মোটর সাইকেল আরোহীর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনার পরপর মাইক্রোবাস চালক পালিয়ে গেছে। তবে ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করা হয়েছে।

Posted ১২:৩৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta