
এম.জিয়াবুল হক,চকরিয়া(৩ আগস্ট) :: চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শিবপাহাড়স্থ শতবছরের পুরানো শিব মন্দির ও শ্বশানের জমি জবর দখলেরর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সম্প্রদায়ের লোকজন শুক্রবার বিকালে ওই এলাকায় বিক্ষোভ করেছে।
বিক্ষোভকালে উপস্থিত ছিলেন, নাথশ্বশান মন্দিরের পুরোহিত সুকুমার চক্রবর্তী, নাথশ্বশান মন্দির উন্নয় কমিটির সভাপতি সুধাংশু বিমল নাথ, সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন নাথ, কোষাধ্যক্ষ লাল মোহন নাথসহ নাথশ্বশান মন্দির কমিটির নেতৃবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের সর্বস্তরের জনসাধারণ।
বিক্ষোভকারী হিন্দু সম্প্রদায়ের লোকজন জানিয়েছেন, স্থানীয় রশিদ আহমদের ছেলে মুরাদ উদ্দিন গং দীর্ঘদিন ধরে নাথশ্বশান মন্দিরের জমি জবর দখল করে বিক্রির পায়তারা চালাচ্ছে।
এরই প্রেক্ষিতে নাথশ্বশান মন্দিরের নামীয় বিএস ৩২২২ দাগের ২০শতক জমি জোর পূর্বক জবর দখল করে ঘেরা-বেড়া দিয়েছে। মন্দিরের ওই জমিতে হিন্দুদের লাশ রেখে আধ্যশ্রাদ্ধেয় করা হতো। কিন্তু দখলবাজরা তা উপেক্ষা করে দীর্ঘ মন্দিরের ২০শতক জমি জবর দখলে নিয়েছে।
এ ঘটনায় মন্দির কমিটির নেতৃবৃন্দ বাদী হয়ে স্থানীয় হারবাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগের প্রেক্ষিতে হারবাংয়ে ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম ছাত্তার, সংরক্ষিত মহিলা সদস্যা মজমুন নাহার সার্ভেয়ার, দফাদার ও চৌকিদার এবংনাথশ্বশান মন্দির কমিটির নেতৃবৃন্দকে নিয়ে শুক্রবার সকালে সরেজমিনে জায়গার পরিমাপ করেছেন।
এদিকে শ্বশানের জমি উদ্ধারে তারা মামলার প্রস্তুতি নিয়েছেন বলে জানান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, হারবাংয়ে মন্দির-শ্বশানের জমি দখল সংক্রান্ত এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Posted ১২:০৭ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ আগস্ট ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta