
কক্সবাংলা ডটকম(৩ অক্টোবর) :: চ্যাম্পিয়নস লিগের বর্তমান টানা তিনবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিয়েছে রাশিয়ান ক্লাব সিএসকেএ মস্কো। লুজনিকি স্টেডিয়ামে রিয়ালকে ১-০ গোলে হারিয়েছে ১০ জনের সিএসকেএ।
চোটে জর্জরিত রিয়াল দুই মিনিটের মাথায় পিছিয়ে পড়ে। ভ্লাচিক গোল করে সিএসকে মস্কোকে এগিয়ে দেন। পরে রিয়াল আর এই গোল শোধ দিতে পারেনি।
সব ধরনের প্রতিযোগিতা মিলে এনিয়ে টানা তিন ম্যাচে জয়শূন্য থাকল রিয়াল। ঘরোয়া লিগে সেভিয়ার কাছে ৩-০ গোলে হারার পর দলটি গোলশূন্য ড্র করে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে।
রিয়ালের হয়ে এদিন মাঠে নামতে পারেননি গ্যারেথ বেল, অধিনায়ক রামোস, মার্সেলো এবং ইসকো।
চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার রাতে অঘটনের শিকার হয়েছে জায়ান্টরা। ঘরের মাঠে বায়ার্ন মিউনিখ জিততে পারেনি আয়াক্সের বিপক্ষে, ড্র করেছে ১-১ গোলে। দুর্দশা চলছে ম্যানচেস্টার ইউনাইটেডেরও। ঘরোয়া ফুটবলের হতাশার মাঝে ইউরোপিয়ান প্রতিযোগিতাতেও ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছে ভ্যালেন্সিয়ার সঙ্গে।
অন্য ম্যাচে হফেনহেইমের বিপক্ষে ২-১ গোলে জিতেছে ম্যানসিটি।রোমা অবশ্য ঘরের মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ভিক্তোরিয়া প্লজেনকে। বেনফিকা ৩-২ গোলে জিতে ফিরেছে এইকে এথেন্সের মাঠ থেকে। আর অলিম্পিক লিওঁর মাঠ থেকে ২-২ গোলে ড্র করে ফিরেছে শাখতার দনেৎস্ক।

Posted ২:৫৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ অক্টোবর ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta