
হুমায়ূন রশিদ,টেকনাফ(৬ আগষ্ট) :: আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে টেকনাফ পৌরসভার ২০১৮-১৯ইং সালে প্রস্তাবিত ১৯ কোটি ৭৬ লক্ষ ২০ হাজার ১শ ৭৭ টাকা ৯৫ পয়সার বাজেট পেশ করা হয়েছে। এই বাজেট বাস্তবায়ন ও উন্নয়ন ত্বরান্বিত করতে পৌর নাগরিকসহ সর্বস্তরের জনসাধারণের সহায়তা কামনা করা হয়েছে।
৬ আগষ্ট বিকাল ৩টায় টেকনাফ পৌরসভা হলরোমে ২০১৮-১৯ সালের বাজেট পেশ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মৌঃ শোয়াইবের কোরআন তেলোয়াত এবং পৌর কর্মচারী মোরশেদুল ইসলামের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন পৌর মেয়র হাজী মোঃ ইসলাম।
এই সময় উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার অপারেশন অফিসার রাজু আহমেদ, প্যানেল মেয়র আব্দুল্লাহ মনির, ৪নং ওয়ার্ড কমিশনার হোছন আহমদ, টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলম বাহাদুর, বিশিষ্ট পৌর নাগরিক মং উন মিনথ, লামার বাজার কমিটির সভাপতি মোজাহার মিয়া, সাবেক ইউপি সদস্য গফুর শরীফ, পৌর সচিব মুহাম্মদ মহিউদ্দিন ফয়েজী, হিসাব রক্ষক মোহাম্মদ সৈয়দ হোসেনসহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত জাতীয় এবং স্থানীয় পর্যায়ের সংবাদকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রস্তাবিত বাজেটের বিভিন্ন খাতওয়ারী পড়ে শুনান পৌর সচিব মুহাম্মদ মহিউদ্দিন ফয়েজী। এতে ২০১৮-১৯ ইং সালের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৪ লক্ষ ১৫ হাজার টাকা আর ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ১০ লক্ষ ৬৩ হাজার ৭শ ১৮টাকা। রাজস্ব ঘাটতি রয়েছে ১ কোটি ৬ লক্ষ ৪৮ হাজার ৭শ ১৮ টাকা।
উন্নয়ন হিসাবে সরকারী অনুদান, রাজস্ব উদ্ধৃত ও অন্যান্য খাতে ১৪ কোটি ৬০ লক্ষ টাকা। উন্নয়ন ব্যয় বাদ দিয়ে সার্বিক বাজেট উদ্ধৃত দেখানো হয়েছে ১ কোটি ৫ লক্ষ ৫৬ হাজার ৪শ ৫৯ টাকা ৯৫ পয়সা। প্রারম্ভিক জের দেখানো হয়েছে ২ কোটি ১২ লক্ষ ৫ হাজার ১শ ৭৭ টাকা ৯৫ পয়সা।
মূলধন হিসাবে আয় ধরা হয়েছে ১৩ লক্ষ ৪০ হাজার ৫শ ৯৮ টাকা। ব্যয় ধরা হয়েছে ৩ লক্ষ টাকা। এছাড়া মেয়র বৃত্তি, দূর্যোগ মোকাবেলা ও ত্রাণ খাত এবং বিএমডিএফের ম্যাচিং ফান্ডের জন্য বিশেষ বরাদ্ধ রাখা হয়েছে।
টেকনাফ পৌরসভা ২য় শ্রেণীতে উপনীত হলেও বিবিধ কারণে নাগরিক সুযোগ-সুবিধা পর্যাপ্ত পরিমাণ নয়। প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন করে নাগরিক সুবিধা, শিক্ষারহার বৃদ্ধি, যানজট নিরসনে সর্বস্তরের জনসাধারণের সহায়তা কামনা করা হয়।
উল্লেখ্য এর আগে সকাল ১১টায় পৌর পরিষদের মাসিক সভায় প্রস্তাবিত বাজেট অনুমোদনের পাশাপাশি পৌর মেয়র হাজী মোঃ ইসলাম হজ¦ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমণ করার কারণে পৌর কমিশনার আব্দুল্লাহ মনিরকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়।

Posted ১২:৩০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ আগস্ট ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta