
সংবাদ বিজ্ঞপ্তি(৪ অক্টোবর) :: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. রাহমান নাসির উদ্দিন বিশ্বের সেরা বিদ্যাপীঠ যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রিফিউজি স্টাডিজ সেন্টারে প্রফেসর পদমর্যাদায় ভিজিটিং রিসার্চ ফেলো হিসেবে যোগদান করেছেন। তিনি গত ১লা অক্টোবর আনুষ্ঠানিকভাবে উক্ত পদে যোগদান করেন।
তিনি কক্সবাজার শহরের বাহারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, কক্সবাজার সরকারি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবন শেষ করে বিশ্বের আরেক নাম করা শিক্ষা প্রতিষ্ঠান জাপানের কিয়োটা বিশ্ববিদ্যালয় থেকে মর্যাদাপূর্ণ মনবুশো বৃত্তি লাভ করে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
ড. নাসির বৃটেনের হাল বিশ্ববিদ্যালয়, ভারতের নয়াদিল্লির স্কুল অব ইকোনমিকস্, জার্মানীর রোর বিশ্ববিদ্যালয়, নেদারল্যান্ডের ভি ইউ বিশ্ববিদ্যালয়, জার্মানীর হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় ও লন্ডন স্কুল অব ইকোনমিকস্্ এ গবেষণা ও শিক্ষকতা করেছেন।
এছাড়া বিশ্বের প্রায় ২০টি দেশে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনার-সিম্পোজিয়ামে অংশগ্রহণ করে মূল গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
বিশ্বের সেরা প্রকাশনা প্রতিষ্ঠান পেঙ্গুইন, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তার মৌলিক গবেষণা গ্রন্থ প্রকাশিত হয়েছে। তার সহধর্মিনী জাপান সরকারের বৃত্তি নিয়ে অর্থনীতিতে এম,ফিল ডিগ্রী সম্পন্ন করে কয়েক বছর কলেজে অধ্যাপনা করেন।
দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক ড. রাহমান নাসির কক্সবাজার পৌর শহরের বাহারছড়া গ্রামের প্রয়াত অছিউর রহমান (মিস্ত্রী) ও আয়েশা বেগমের কনিষ্ঠ পুত্র এবং কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক, দ্য ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার মুহাম্মদ আলী জিন্নাত এর ছোট ভাই।

Posted ৪:২৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৫ অক্টোবর ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta