
কক্সবাংলা ডটকম(২৮ জুলাই) :: চীন ও পাকিস্তানের যৌথ পরমাণু হামলা চালানোর আশঙ্কা মাথায় নিয়ে তা প্রতিরোধের সক্ষমতা অর্জনে নৌ ও বিমান বাহিনীর শক্তি বাড়ানোর উদ্যোগ নিয়েছে ভারত। এ লক্ষ্যে সাবমেরিন বহরের আকার বাড়ানো হচ্ছে। সীমান্ত সমস্যা নিয়ে চীন ও পাকিস্তানের সঙ্গে ভারতের ছায়াযুদ্ধ চলার মধ্যে এ উদ্যোগের খবর এল। এদিকে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ‘পঞ্চম প্রজন্মের’ মিগ-৩৫ যুদ্ধবিমান কেনার আলোচনাও করছে ভারত।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, নৌবাহিনীর শক্তি বাড়াতে ভারত ডিজেল-ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি নিউক্লিয়ার সাবমেরিনের সংখ্যাও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
এ জন্য রাশিয়া, জার্মানি, স্পেন, সুইডেন, ফ্রান্স ও জাপান-এ ছয়টি দেশের কাছ থেকে সাবমেরিন আনার তোড়জোড় শুরু হয়েছে। গত সপ্তাহেই এ ছয়টি দেশের সাবমেরিন নির্মাতা প্রতিষ্ঠানকে ‘রিকোয়েস্ট ফর ইন্টারফরমেশন’ পাঠিয়েছে নয়াদিল্লি। পরিস্থিতি প্রতিকূল হতেই পারে, সে কথা ধরে নিয়ে চীন এবং পাকিস্তানে একসঙ্গে পরমাণু হামলা চালানোর সক্ষমতা রাখতে চায় ভারতীয় সশস্ত্রবাহিনী। সে কারণে নিউক্লিয়ার সাবমেরিনের সংখ্যা বাড়ানোর ওপর জোর দেয়া হচ্ছে।
ভারতীয় নৌবাহিনী মোট ২৮টি সাবমেরিন হাতে রাখতে চাচ্ছে। এর মধ্যে ১৮টি ডিজেল-ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন, ৬টি নিউক্লিয়ার পাওয়ার্ড অ্যাটাক সাবমেরিন এবং ৪টি নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন। এ মুহূর্তে ভারতীয় নৌবাহিনীর হাতে সাবমেরিনের সংখ্যা ১৫টি। এর মধ্যে ১৩টি ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন ও দুটি নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন।
ভারতের নৌবাহিনী সূত্রের খবরে বলা হয়েছে, সমুদ্রগর্ভে লুকিয়ে প্রতিপক্ষের ভূখণ্ডে নতুন এই ডিজেল-ইলেকট্রিক সাবমেরিনগুলো থেকে যেন ল্যান্ড অ্যাটাক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া যায় এবং সাবমেরিনগুলো যেন ভারতে তৈরি বিভিন্ন অস্ত্র অনায়াসে ব্যবহার করতে পারে, তা নিশ্চিত করতে বলা হবে বিদেশি সাবমেরিন নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে।
নিউক্লিয়ার সাবমেরিনগুলো থেকে দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র ছোড়ার ব্যবস্থা রাখতেও বলা হবে। ইতিমধ্যে প্রতিপক্ষের ভূখণ্ডে পরমাণু হামলা চালানোর সক্ষমতা ভারতের রয়েছে। কিন্তু ভবিষ্যতের দিকে তাকিয়ে সেই সক্ষমতা ভারত আরও অনেক বাড়িয়ে নিতে চাচ্ছে।
এদিকে ভারতের কাছে অত্যাধুনিক ‘পঞ্চম প্রজন্মে’র মিগ-৩৫ যুদ্ধবিমান বিক্রির ইঙ্গিত দিয়েছে রাশিয়া। ভারতকে যুদ্ধবিমান বিক্রিতে আগ্রহ প্রকাশ করে রাশিয়ার মিগ কর্পোরেশনের প্রধান জানিয়েছেন, টেন্ডার পাওয়ার ব্যাপারে ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে আলোচনা চলছে। আর রাশিয়ার সবচেয়ে আধুনিক ফিফথ জেনারেশন এই ফাইটার জেট কিনতে ভারত ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে বলেও খবর মিলেছে।
এতে রয়েছে ‘স্টেলথ মোড’, অর্থাৎ শত্রুর রাডারে ধরা পড়ার কোনও ভয় নেই। রয়েছে নয়া অস্ত্রশস্ত্র ও ডিফেন্স সিস্টেম। হালকা অথচ মাল্টি-ফাংশনাল এই বিমান মারণক্ষমতা সম্পন্ন। বিশাল শত্রুবাহিনীকে চোখের নিমেষে ধ্বংস করে দিতে পারে বলে রুশ বায়ুসেনাও এই বিমান কেনায় আগ্রহ দেখিয়েছে মিগ কর্পোরেশনের কাছে।সেক্ষেত্রে ভারত চাইলে বিমানের প্রযুক্তিগত বেশ কয়েকটি বিষয়ে পরিবর্তনও আনা হতে পারে ইঙ্গিত দিয়েছেন মিগ কর্পোরেশনের কর্তারা।
উত্তেজনা ছড়াচ্ছে মহাসাগরেও :
ডোকলামকে কেন্দ্র করে ভারত ও চীনের মধ্যকার উত্তেজনা এবার ভারত মহাসাগরেও ছড়াচ্ছে। ভারত মহাসাগরে চীন তার নৌবাহিনীর উপস্থিতি আরও বিস্তার ঘটাচ্ছে। বেইজিংয়ের এ উদ্যোগ নয়াদিল্লিকে আরও চাপে ফেলেছে।
রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইন্সটিটিউটের গবেষণা ফেলো শশাঙ্ক যোশী বলেন, ডোকলাম এলাকায় উত্তেজনাকে কেন্দ্র করে চীন এখন ভারতকে সর্বত্রই চাপে ফেলতে চাচ্ছে।
এদিকে সম্প্রতি ভারত মহাসাগরে চীনের অব্যাহতভাবে নৌশক্তির উপস্থিতির জবাবে ভারত, যুক্তরাষ্ট্র ও জাপান মালাবার এক্সারসাইজ নামে যৌথ সামরিক মহড়া চালিয়েছে।চীন সম্প্রতি আফ্রিকার দেশ জিবুতিতে প্রথম কোনো নৌঘাঁটি নির্মাণ করছে। চীনের পিপল’স লিবারেশন আর্মির এ নৌঘাঁটি নির্মাণকে নিজের দেশের প্রতি হুমকি হিসেবে দেখছে ভারত।
ভারতের সংবাদপত্রগুলো জানিয়েছে, মালাবার অঞ্চলে চীনের নৌবাহিনীর ১৩ থেকে ১৪টি জাহাজের উপস্থিতি দেখা যাচ্ছে। এর মধ্যে রয়েছে লিউইয়াং-৩ শ্রেণীর ডেস্ট্রয়ার, গোয়েন্দা জাহাজ ও সাবমেরিন। যোশী বলেন, ভারত মহাসাগরে চীনের নৌবাহিনীর উপস্থিতি একটা বড় ধরনের পরিবর্তনের আভাস দিচ্ছে। নয়াদিল্লি চীনের এসব উদ্যোগের প্রতি তীক্ষè দৃষ্টি রাখছে।

Posted ৩:৩৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৮ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta