কক্সবাংলা ডটকম(২৬ জুলাই) :: চূড়ান্ত ফল ঘোষণার আগেই পাকিস্তানের সাধারণ নির্বাচনে নিজেকে বিজয়ী দাবি করেছেন দেশটির সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী ইমরান খান। বিরোধীদের আনা কারচুপির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি। ঘোষণা দিয়েছেন, প্রয়োজনে ক্ষমতায় আসার পর এ নিয়ে নিরপেক্ষ তদন্ত করবেন।
ভোটগ্রহণ শেষ হওয়ার ২১ ঘণ্টা পেরিয়ে গেলেও যান্ত্রিক ত্রুটির কারণ দেখিয়ে এখন পর্যন্ত সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেনি পাকিস্তানের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রকে উদ্ধৃত করে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন জানিয়েছে, নির্বাচনি ফলাফল প্রেরণের যান্ত্রিক ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ায় এখন বিকল্প পদ্ধতিতে ফল একত্রিত করছে কমিশন।
নির্বাচন কমিশন বলছে, ‘শিগগিরই’ চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। পাকিস্তানের ৩৪২ আসনবিশিষ্ট জাতীয় পরিষদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয় ২৭২টি আসনে। বাকিগুলো সংরক্ষিত আসন। এরমধ্যে ৬০টি নারীদের জন্য ও বাকি ১০টি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংরক্ষিত।
বুধবার (২৫ জুলাই) ২৭২টি আসনে নির্বাচনের কথা থাকলেও দুইটি আসনে ভোট স্থগিত করা হয়। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে একটি দলকে কমপক্ষে ১৩৭টি আসনে জয় নিশ্চিত করতে হবে। এখন পর্যন্ত ৪৯ শতাংশ ভোট গণনার ভিত্তিতে পাওয়া কমিশন ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, ১১৯টি আসনে এগিয়ে রয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই)। পিএমএল-এন এগিয়ে রয়েছে ৫৯টিতে আর পিপিপি ৩৮টি আসনে।
চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই নিজেকে বিজয়ী দাবি করে ইমরান বলেন, ‘আমরা সফল হয়েছি, জনগণ আমাদের প্রতি তাদের রায় দিয়েছে। নির্বাচনের কারচুপির অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, এই নির্বাচন কমিশন কোনও নির্দিষ্ট দলের নয়, সবার । যাদের অভিযোগ আছে আমাদের জানান। আমরা সম্মিলিত হয়ে অভিযোগ তদন্ত করব। আমার মতে এটাই পাকিস্তানের সবচেয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন ছিল। যারা কারচুপির অভিযোগ করছেন তাদের সঙ্গে নিয়েই আমি তদন্তে নামতে প্রস্তুত।’
পাকিস্তানে এমন সময় এই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যখন দুর্নীতির দায়ে আদালত কর্তৃক অযোগ্য ঘোষিত হয়ে ক্ষমতাচ্যুত হয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। লন্ডনের ফ্ল্যাট ক্রয় সংক্রান্ত এক দুর্নীতির মামলায় তার বিরুদ্ধে দণ্ড ঘোষিত হয়েছে। অভিযোগ উঠেছে, ইমরানকে পেছন থেকে মদত দিতে নওয়াজকে নির্বাচন পর্যন্ত কারাগারে রাখতে সে দেশের সেনাবাহিনী ও বিচার বিভাগ এক হয়ে কাজ করেছে।
অভিযোগ উঠেছে,পরিকল্পিতভাবে হয়রানি করা হয়েছে নওয়াজের পরিবারকে। অভিযোগের সমর্থন পাওয়া গেছে পাকিস্তান হাইকোর্টের এক বিচারকের কথায়। তিনি গত রবিবার (২২ জুলাই) বলেছিলেন, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা আইএসআই বিচার বিভাগের কাজেও হস্তক্ষেপ করছে।
গ্যালাপ পাকিস্তানের জনমত জরিপকে উদ্ধৃত করে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, প্রায় ১০ কোটি ৬০ লাখ নিবন্ধিত ভোটারের মধ্যে ৫০ থেকে ৫৫ শতাংশ বুধবার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ২০১৩ সালেও একইরকম পরিস্থিতি দেখা গিয়েছিল।
ইমরানের ভাষণে ভবিষ্যৎ পররাষ্ট্র ও অর্থনৈতিক পরিকল্পনা
ভোটগ্রহণ শেষ হওয়ার ২১ ঘণ্টা পেরিয়ে গেলেও যান্ত্রিক ত্রুটির কারণ দেখিয়ে এখন পর্যন্ত সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেনি পাকিস্তানের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রকে উদ্ধৃত করে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন জানিয়েছে, নির্বাচনি ফলাফল প্রেরণের যান্ত্রিক ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ায় এখন বিকল্প পদ্ধতিতে ফলাফল একত্রিত করছে কমিশন। এখন পর্যন্ত ৪৯ শতাংশ ভোট গণনার ভিত্তিতে পাওয়া কমিশন ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, ১১৯টি আসনে এগিয়ে রয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই)। পিএমএল-এন এগিয়ে রয়েছে ৫৯টিতে আর পিপিপি ৩৮টি আসনে।চূড়ান্ত ফল ঘোষণার আগেই জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইমরান খান বলেন, আমাদের দেশ ঋণে জর্জরিত। উন্নতির জন্য ট্যাক্স প্রয়োজন। আপনারা তা দিতে চাইবেন না এটাই স্বাভাবিক। কারণ আপনারা দেখেছেন, ক্ষমতাসীনরা ট্যাক্সের টাকায় দুর্নীতি করেছে, অর্থ পাচার করেছে। আমি কথা দিচ্ছি আমি আপনাদের ট্যাক্স সঠিক কাজে লাগাবো। দুর্নীতি দমন কমিশনকেও শক্তিশালী করা হবে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আমাদের কর্মসংস্থানের অভাব। এই সংকট সমাধানে বিনিয়োগ দরকার। আর সেই বিনিয়োগ করতে টাকা লাগবে। আপনারা ট্যাক্স দিলেই সেই অর্থের জোগান সম্ভব।
পররাষ্ট্র নীতির প্রসঙ্গে ইমরান বলেন, চীনের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। আমরা তাদের সঙ্গে কয়েকটি প্রকল্পে কাজ করছি। আমি চেষ্টা করবো এখানে যেন অনেক কর্মসংস্থান তৈরি হয়। ইমরান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক ভালো রাখতে চাই আমরা। আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করবো। এছাড়া ইরান ও সৌদি আরবের সঙ্গেও সম্পর্ক সমুন্নত রাখতে চাই আমরা। মধ্যপ্রাচ্যে আমরা শান্তি বজায় রাখতে কাজ করে।
ভারতের সঙ্গে সম্পর্কের প্রশ্নে ইমরান বলেন, আমি একটু আফসোসের সঙ্গে বলছি ভারতীয় মিডিয়া আমাকে সমর্থন দেয়নি। তারা যেন আমাকে বলিউডের ভিলেন মনে করে। অথচ আমি বিশ্বাস করি ভারত ও পাকিস্তানের ভালো সম্পর্ক সবার জন্যই ভালো। ক্রিকেটের কারণে আমি ওখানে গেছি। আমি তাদের সংস্কৃতি চিনি। আমি বিশ্বাস করি আমাদের বন্ধুত্বই অনেক ভালো কাজে দেবে।
কাশ্মির ইস্যুর সমাধান দাবি করে ইমরান বলেন, সেখানকার বাসিন্দা অনেক কষ্ট করছে, অনেক দুর্দশা পোহাচ্ছে। পাকিস্তান ও ভারত পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছে। দোষারোপ করে লাভ নেই। ভারতের উদ্দেশে তিনি বলেন, আপনারা এক পা এগিয় আসলে আমরা দুই পা এগিয়ে যাবো।