
কক্সবাংলা ডটকম(৯ নভেম্বর) :: পৃথিবীর বুকে যে হারে জনসংখ্যা বাড়ছে, তাতে দুর্দিন আসন্ন। পৃথিবী আগুনের গোলায় পরিণত হবে এবং তা কেবল সময়ের অপেক্ষা। বিশ্বখ্যাত ব্রিটিশ বিজ্ঞানী স্টিফেন হকিং সম্প্রতি জানিয়েছেন, পৃথিবী আগুনের গোলায় পরিণত হলে সম্পূর্ণ মানবজাতিই শেষ হয়ে যেতে পারে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইল-এ প্রকাশিত খবর অনুযায়ী, হকিং জানিয়েছেন, ‘‘মানুষকে যত দ্রুত সম্ভব পৃথিবীর বাইরে বাসস্থান খুঁজতে হবে। নাহলে স্রেফ নিশ্চিহ্ন হয়ে যেতে হবে।’’
হকিং জানান, ‘‘আগামী ৬০০ বছরে মানুষ এই পৃথিবীকে একটা অগ্নিকুণ্ডে পরিণত করবে। পৃথিবী সৃষ্টির সময়ে যেমন ছিল, ঠিক তেমনই আগুনের পিণ্ড হয়ে যাবে। আর এই অবস্থাকে কোনওভাবেই আটকানো সম্ভব নয়।’’
এই অবস্থা থেকে উদ্ধার পেতে মানুষকে ভিনগ্রহে বাসা খুঁজতে হবে। একটি কনফারেন্সে বিখ্যাত বিজ্ঞানী জানান, ‘‘জনসংখ্যা বাড়ার সঙ্গে শক্তির চাহিদাও বাড়ছে। সেটাই হবে ধ্বংসের কারণ। বাঁচতে হলে পৃথিবীর বাইরে যাওয়া ছাড়া আর উপায় নেই। আমাদের সৌরজগতের কাছাকাছির মধ্যে আর একটি সৌরজগত হল আলফা সেঞ্চুরি। সেখানেই যেতে পারে মানুষ।’’
প্রসঙ্গত, এর আগেও কয়েকবার বিশ্ববাসীকে সতর্ক করে দিয়েছেন এই বিজ্ঞানী। তবে এবার একেবারে সময় বেঁধে দিলেন।

Posted ১:০৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta