
মো: ফারুক,পেকুয়া(২০ জুলাই) :: কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা উচ্চ বিদ্যালয়ে ৪র্থ শ্রেণি কর্মচারী (দপ্তরী)নিয়োগে ব্যাপক অনিয়ম-দূর্নীতি ও ঘুষ বানিজ্যে অভিযোগ এনে পেকুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উলফাত জাহান জিনিয়া, মগনামা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু হেনা মোস্তফা কামাল চৌধুরী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হোসাইনের বিরুদ্ধে মামলা করেছেন মগনামা বোডিং পাড়া এলাকার অলি আহমদের ছেলে দিদারুল ইসলাম।
গত মঙ্গলবার (১৮জুলাই) দন্ড বিধি ১৬১, ৬২, ৬৫, ৬৬, ৪০৬, ৪২০, ১০৯ সহ দূর্নীতি প্রতিরোধ আইনে ৫(২) ধারায় কক্সবাজার সিনিয়র স্পেশাল জজ আদালতে ফৌজদারী মামলাটি দায়ের করা হয়।
মামলার এজাহারে বাদি উল্লেখ করেছেন, মগনামা উচ্চ বিদ্যালয়ের দপ্তরী নিয়োগের সংবাদে দিদারুল ইসলাম নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন। গত ১৩ জুলাই বিকাল ৩ টায় স্বাক্ষাৎকারে উপস্থিত হয়ে ১ম স্থান অধিকার করেন। তার পর স্কুলের প্রধান শিক্ষক আকতার হোসাইন তাকে অফিসে ডেকে ৫০ হাজার টাকার ঘুষ দাবী করলে ২০ হাজার টাকা প্রদান করেন।
উক্ত ঘুষ দাবীতে কমিটির সভাপতি ও শিক্ষা অফিসারের পূর্ণ সমর্থন ছিল এবং তারাও ৫০ হাজার টাকা ঘুষ দিতে বাদীকে চাপ দেন। এদিকে বাদী ৩০ হাজার টাকা পূরণে অপারগতা প্রকাশ করায় তাকে অফিস কক্ষ থেকে বের করে দেন প্রধান শিক্ষক আকতার হোসাইন।
এজাহারে বাদি আরো উল্লেক করেছেন, উক্ত দপ্তরী পদে প্রতিদ্বন্ধী রবিউল আলম নামে এক অশিক্ষিত জাল সনদদারী ব্যক্তিকে উক্ত অফিস কক্ষে ৭০ হাজার টাকা ঘুষ গ্রহণ করে মগনামা উচ্চ বিদ্যালয়ে দপ্তরী (৪র্থ শ্রেণি) পদের জন্য চূড়ান্তভাবে মনোনীত করেন। এমন ঘটনায় স্কুলের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।
এমন অনিয়ম দুর্নীতি রোধে দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভূক্তভোগি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আকাতর হোসাইন বিষয়টি অস্বীকার করেন।

Posted ৭:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta