
মো: ফারুক,পেকুয়া(২৫ জানুয়ারী) :: পেকুয়া উপজেলার টইটং রমিজপাড়া এলাকায় জমি বিরোধের জের ধরে দু’পক্ষে সংঘর্ষে মহিলাসহ ৯জন আহত হয়েছে।
আহতেরা হলেন, মৌলভী পাড়া এলাকার খালেদা বেগম(২৫),আমির হোছাইন (৩৩), আবদুল গণি(২৯), আহমদ হোছাইন(৭০), শাহনেওয়াজ (৪৪), রমিজপাড়া এলাকার জমির হোছেন (৩৮), আকতার আহমদ(৩৫), জাকের হোছেন(৩২) ও পাখি বেগম(২৬)।
আহত সবাই পেকুয়া সরকারী হাসপাতালে চিকিৎসাধীন আছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) দুপুরে রমিজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এক পক্ষের আহত আহমদ হোছাইন বলেন, রমিজপাড়া এলাকায় ক্রয় সূত্রে প্রাপ্ত ২৪৪ খতিযানের ১৫৪৫ দাগের আন্দর ১৫ শতক জমি দীর্ঘদিন ধরে চাষবাদ করে আসছিলাম।
আর এ জবর জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিল জমির হোছেন ও আকতার আহমদ গং। বিরোধের কারণে তাদেরকে বিরুদ্ধে আদালতে মামলা করি। বর্তমানে থানায় তদন্তাধীন আছে।
এরই মাঝে দুপুরে আকতার আহমদ গং ওই জমি জবর দখলের চেষ্টা চালায়। এতে সংঘর্ষে আমরা ৫জন আহত হই।
আহত করার ঘটনাটি থানার এসআই বিপুল চন্দ্র রায়কে আমরা অবগত করেছি।
অপর পক্ষের আহত আকতার আহমদ বলেন, এ জমি আমাদের। দখলও আমাদের। একের পর এক মামলা দিয়ে আমাদের হয়রানী করছে আহমদ হোছেন গং।
ঘটনার দিন দুপুরে তারা ভাড়াটে সন্ত্রাসী নিয়ে বিরোধীয় জমি জবর দখলের চেষ্টা চালায়। আমরা বাঁধা প্রদান করলে তাদের হামলায় আমার ৪জন আহত হই।
পেকুয়া থানার উপপরিদর্শক বিপুল চন্দ্র রায় বলেন, আদালত থেকে একটি মামলার তদন্তভার আমার হাতে রয়েছে। যে মামলার বাদি আহমদ হোছেন।
আহমদ হোছেনের পক্ষে আহতের খবর জানানো হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Posted ৭:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta