
নাজিম উদ্দিন,পেকুয়া(২ অক্টোবর) :: পেকুয়ায় দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় উভয়পক্ষের ৪ নারী ও ১ পুরুষসহ অন্তত ৫ জন জখম হয়েছে। সম্পর্ক ফাঁসকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের সুত্রপাত হয়েছে। এ সময় এক পক্ষের লোকজন অপর পক্ষের বসত বাড়িতে লাঠিসোটা ও ধারালো অস্ত্র স্বস্ত্র নিয়ে হানা দেয়।
এ সময় ব্যাপক মারপিটসহ ভাংচুর ও লুটপাট চালায়। খবর পেয়ে হামলাকারীদের ধাওয়া দেয় অপর পক্ষের লোকজন। এর সুত্র ধরে উভয়পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।
১ অক্টোবর সোমবার সন্ধ্যা ৭ টা ও রাত ৮ টার দিকে দু’দফা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে উপজেলার মগনামা ইউনিয়নের কুমপাড়া গ্রামে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহতরা হলেন ওই এলাকার মৃত শামশুল আলমের ছেলে জসিম উদ্দিন(৪৫), তার স্ত্রী রোকেয়া বেগম(৩৭) ও মেয়ে শাবনাজ(২০)।
অপরপক্ষের আহতরা হলেন ওমান প্রবাসী নুরুল আবচারের স্ত্রী সাজেদা বেগম, রাহমত উল্লাহর স্ত্রী মিনু আরা বেগম। ঘটনার জের ধরে পূর্ব মগনামা কুমপাড়া ও ধারিয়াখালী গ্রামে উত্তেজনা বিরাজ করছিল।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পরকীয়া সম্পর্ক নিয়ে কুমপাড়া এলাকার মৃত শামশুল আলমের ছেলে জসিম উদ্দিন প্রকাশ্যে মুখ খুলছিলেন।
সুত্র জানায়, জসিম উদ্দিনের সৎ ভাই কাটাফাঁড়ি এলাকার মনু ও রুপাইখালের চরে ধারিয়াখালী গ্রামের এক নারীর পরকীয়া সম্পর্ক চলছিল। ঘটনার দিন জসিম মনুকে একটি বাড়িতে দেখতে পেয়েছিলেন। এ নিয়ে জসিম ও রাহমত উল্লাহর ছেলে কলিম উল্লাহর মধ্যে তুমুল বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে হাতাহাতি হয়।
এর সুত্র ধরে কলিম উল্লাহ নেতৃত্বে আমজাদ হোসেন, মোহাম্মদ মিয়া, মোহাম্মদ মনু, মাঈন উদ্দিন, কহিনুর বেগম, সাজু বেগম, মনোয়ারা, আহমদ ছফা, মুন্সী মিয়া, ইখতিয়ার উদ্দিনসহ ১০/১৫ জনের উত্তেজিত লোকজন কুমপাড়ায় জসিমের বাড়িতে হানা দেয়।
এ সময় দেশীয় অস্ত্র স্বস্ত্র ও লাঠিসোটা নিয়ে তারা জসিম উদ্দিন, তার স্ত্রী রোকেয়া বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে। জসিমের মেয়ে শাবানাজ পিতা ও মাকে উদ্ধার করতে ওই স্থানে ছুটে যান। এ সময় তারা তাকেও পিটিয়ে জখম করে। খবর পেয়ে জসিমের পক্ষে তার আত্মীয় স্বজনরা দ্রুত ওই স্থানে আসে।
এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। ওই ঘটনায় কলিম উল্লাহ গংদের সাজেদা ও মিনু আরা আহত হয়। জসিমের স্ত্রী রোকেয়া বেগম জানায়, সম্পর্কের প্রতিবাদ করায় তারা আমার স্বামীকে জখম করে। লাঠিসোটা নিয়ে বাড়ি আক্রমন করে।
মালামাল স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে ও বসতবাড়িতে ভাংচুর চালায়। আমার মেয়ে শাবানাজ পটিয়া শাশুড় বাড়ি থেকে কয়েক দিন আগে নাইয়র আসে। তারা তাকে শ্লীলতাহানির চেষ্টা করে। তাকেও মারধর করে।
জসিম জানায়, তারা অন্যায়ভাবে এ আক্রমন চালায়। আমার সৎ ভাই এক নারীর সাথে ব্যাভিচারে লিপ্ত। আমি প্রতিবাদ করছিলাম। এর প্রতি ক্ষিপ্ত হয়ে এ হামলা।
অপরদিকে কলিম উল্লাহ গং জানায়, জসিম উদ্দিন ও তার লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা আমাদের বসতবাড়িতে এসে হামলা সংঘটিত করে। তারা আমাদেরকে কুপিয়ে নারীসহ অন্তত ৩ জনকে আঘাত করে।

Posted ১২:১৯ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ অক্টোবর ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta