
কক্সবাংলা ডটকম(২৭ নভেম্বর) :: ঢাকায় একপেশে লড়াই শেষে চট্টগ্রামে নতুন প্রাণ ফিরে পেয়েছে বিপিএল। মাঠে একের পর এক হাড্ডাহাড্ডি লড়াই উপহার দিচ্ছে ফ্যাঞ্চাইজি দলগুলো। তাতে দারুণ জমে উঠেছে পয়েন্ট টেবিলের খেলা। এরই মধ্যে শেষ হয়েছে লিগ পর্বের ২৮ ম্যাচ। বাকি আরো ১৪টি।
লিগের প্রায় দুই-তৃতীয়াংশ ম্যাচ পেরিয়ে যাওয়ার পরও প্লে-অফ নিশ্চিত করতে পারেনি কোনো দল। পয়েন্ট টেবিলে মাত্র এক পয়েন্টের ব্যবধানে একে-অন্যের কাঁধে নিঃশ্বাস ফেলছে সাত দল। একটু এদিক-সেদিক হলেই শেষ হয়ে যাবে চারের স্বপ্ন। এমন পরিস্থিতিতে একদিন বিরতি শেষে আজ আবারো মাঠে গড়াচ্ছে বিপিএল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে স্বাগতিক চিটাগং ভাইকিংস। শক্তি ও সামর্থ্যের মানদণ্ডে ভাইকিংসের চেয়ে এগিয়ে ডায়নামাইটস। ঢাকা পর্বে টানা দুই ম্যাচ হারের পর এবার তাদের লক্ষ্য জয়ের ধারায় ফেরা। তবে কাজটা খুব সহজে হতে দেবে না ভাইকিংস। ঘরের মাঠে শেষ দুই ম্যাচে দারুণ লড়াই করেছে লুক রনকির দল।
সিলেট সিক্সার্সের বিপক্ষে ২১১ রানের বিশাল পুঁজি গড়ে ৪০ রানের জয় পায় ভাইকিংস। পরের ম্যাচে অবশ্য রংপুর রাইডার্সের সঙ্গে শেষ বল পর্যন্ত লড়াই করে ম্যাচে হারে। শেষ বলে দারুণ এক ছক্কা হাঁকিয়ে রংপুরকে জেতান থিসারা পেরেরা।
অন্যদিকে রাতে সমানে সমান লড়াইয়ে মুখোমুখি হবে খুলনা টাইটানস ও রাজশাহী কিংস। অধিনায়ক মাহমুদউল্লাহর ব্যাটে ভর করে জয়ের রথে রয়েছে টাইটানস। একই রকম রাজশাহীর অনুপ্রেরণার উত্স তাদের অধিনায়ক ড্যারেন স্যামি। মাত্র ১৪ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়রথ থামান এ ক্যারিবীয় তারকা।
এবারের বিপিএলে ঢাকার অধিপত্যে ভাগ বসিয়েছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। বিগত আসরগুলোয় পয়েন্ট টেবিলে একচ্ছত্র রাজত্ব করেছে রাজধানীর দলটি। লিগের শুরুতে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে ছিল সিলেট। পরে ঢাকা শীর্ষে এলেও চট্টগ্রাম পর্বে টপকে যায় খুলনা।
আট ম্যাচে দলটির সংগ্রহ ১১ পয়েন্ট। ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে কুমিল্লা। এরপর ঢাকা, রংপুর, সিলেট, রাজশাহী ও চট্টগ্রাম। প্রত্যেক দলের পয়েন্ট ব্যবধান এক করে। এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শেষ দিকের ম্যাচগুলো।
এ মুহূর্তে খুলনা ও কুমিল্লা ছাড়া আর কোনো দলের পয়েন্ট ওঠেনি ১০-এর ওপরে। তাই তলানিতে থাকা চট্টগ্রামেরও সুযোগ রয়েছে শেষ চার নিশ্চিত করার। বাকি চার ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ১৩। একই সমীকরণ সিলেট ও রাজশাহীর সমানেও। যদিও শীর্ষে চারের রেসে খুলনা, কুমিল্লা, ঢাকা ও রংপুরের সম্ভাবনাই বেশি।
| TEAM | M | W | L | T | N/R | PT | NRR | ||
|---|---|---|---|---|---|---|---|---|---|
1 Khulna Titans | 8 | 5 | 2 | 0 | 1 | 11 | 0.025 | ||
2 Comilla Victorians | 7 | 5 | 2 | 0 | 0 | 10 | 0.435 | ||
3 Dhaka Dynamites | 8 | 4 | 3 | 0 | 1 | 9 | 1.524 | ||
4 Rangpur Riders | 8 | 4 | 4 | 0 | 0 | 8 | -0.253 | ||
5 Sylhet Sixers | 9 | 3 | 5 | 0 | 1 | 7 | -0.869 | ||
6 Rajshahi Kings | 8 | 3 | 5 | 0 | 0 | 6 | -0.506 | ||
7 Chittagong Vikings | 8 | 2 | 5 | 0 | 1 | 5 | -0.206 |

Posted ১:৪৫ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ নভেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta