
এম.জিয়াবুল হক,চকরিয়া(১৮ ডিসেম্বর) :: চট্টগ্রামে সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামীলীগের প্রয়াত সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর সোমবার মেজবানে পদদলিত হয়ে নিহতদের মধ্যে কক্সবাজারের চকরিয়া উপজেলার এক যুবক রয়েছে। তার নাম দীপঙ্কর দাশ রাহুল (২৩)। তাঁর গ্রামের বাড়ি উপজেলার বরইতলী ইউনিয়নে।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরামের সাংগঠনিক সম্পাদক।
সোমবার বিকাল ২টার দিকে চট্টগ্রাম মহানগরের আসকার দীঘি এলাকাস্থ রীমা কমিউনিটি সেন্টারে পদদলিত হয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মেজবানে যাওয়া নিহতের সহপাঠি নজরুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, মহিউদ্দিন চৌধুরীর মেজবানের কথা শুনে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দুইজন সহপাঠি নিয়ে মেজবানে গিয়ে প্রচন্ড ভীড় দেখে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে ফের বাসায় চলে আসছিলাম।
বিকাল তিনটার দিকে শুনতে পেলাম মেজবানে পদদলিত হয়ে বেশ কয়েজন লোক মারাগেছে এবং বহু লোক আহত হয়েছেন। মেজবানে কোন ধরণের শৃঙ্খলা ছিলনা,ভীড়ের চাপের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে মূলত এই মর্মান্তিক ঘটনাটি হয়েছে বলে তিনি জানান।
মেজবানে পদদলিত হয়ে দীপঙ্কর দাশ রাহুলের নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য এটিএম জিয়াউদ্দিন চৌধুরী।
তিনি বলেন, নিহত দীপঙ্কর দাশ রাহুল চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পশ্চিম হিন্দুপাড়া গ্রামের সনাতন দাশের ছেলে। রাহুল এখনো চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে অধ্যায়নরত বলে নিশ্চিত করেছেন তিনি।

Posted ১:১১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta