
এম রমজান আলী,মহেশখালী(৩০ সেপ্টেম্বর) :: কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাদক, অস্ত্র, ডাকাতি মামলার এক আসামি নিহত হয়েছেন।
রোববার ভোর ৪টার দিকে ছোট মহেশখালী ইউনিয়নের সাপেরডেইল এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশের ভাষ্য। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধারের কথাও জানিয়েছেন তিনি।
নিহত মাহমুদুল করিম (২৮) ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণকূল এলাকার ইউসুফ আলীর ছেলে। ওসি প্রদীপ বলেন, কিছু ‘সন্ত্রাসী’ সাপেরডেইল এলাকায় জড়ো হয়েছে খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়।
তিনি বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছানো মাত্র সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মাহমুদুলকে আটক করা হয়।’
গুলিবিদ্ধ মাহমুদুলকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
এ অভিযানে পুলিশের সাত সদস্য আহত হওয়ার কথা বললেও তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানাতে পারেননি তিনি।

Posted ১০:৩২ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta