রবিবার ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

রবিবার ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

মূল্যস্ফীতি ফের ঊর্ধ্বমুখী

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
62 ভিউ
মূল্যস্ফীতি ফের ঊর্ধ্বমুখী

কক্সবাংলা ডটকম(৮ ডিসেম্বর) :: আমদানি নিয়ে সিদ্ধান্তহীনতার পাশাপাশি বাজার ব্যবস্থাপনায় দুর্বলতার জেরে নভেম্বরে পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ হয়। একই সঙ্গে শীতকালীন সবজির ভরা মৌসুমেও কিনতে হয়েছে উচ্চমূল্যে। এর বিরূপ প্রভাব পড়েছে মূল্যস্ফীতিতে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে, মূল্যস্ফীতি আবারো বেড়েছে নভেম্বরে। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে গত বছরের একই মাসের তুলনায় ৮ দশমিক ২৯ শতাংশ, যা অক্টোবরে ৮ দশমিক ১৭ শতাংশ ছিল।

মূল্যস্ফীতির এ হার দিয়ে বোঝায়—গত বছরের নভেম্বরে যে পণ্য বা সেবা ১০০ টাকায় মিলেছে, তা পেতে গত নভেম্বরে খরচ করতে হয়েছে ১০৮ টাকা ২৯ পয়সা। মূল্যস্ফীতি বাড়ার কারণ হিসেবে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিকে দায়ী করেছে বিবিএস। সরকারি এ সংস্থাটি নভেম্বরের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে গতকাল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধাক্কায় গত বছরের জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতির হার রেকর্ড ১১ দশমিক ৬৬ শতাংশে উঠেছিল। পরে তা কমতে কমতে চলতি বছরের অক্টোবরে ৮ দশমিক ১৭ শতাংশে নেমে এসেছিল, যা ৩৯ মাসের মধ্যে সবচেয়ে কম। এর পর থেকে গত ছয় মাস ধরে দেশের সার্বিক মূল্যস্ফীতি ৮ শতাংশের ঘরেই ওঠানামা করছে। চলতি বছরের জুনে এ হার ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ, জুলাইয়ে তা বেড়ে ৮ দশমিক ৫৫ শতাংশে দাঁড়ায়।

এরপর আগস্টে মূল্যস্ফীতি ৮ দশমিক ২৯ শতাংশে নেমে আসে। সেপ্টেম্বরে তা আবার বেড়ে ৮ দশমিক ৩৬ শতাংশ হয়। অক্টোবরে মূল্যস্ফীতি কিছুটা কমে নেমে আসে ৮ দশমিক ১৭ শতাংশে। সর্বশেষ নভেম্বরে এ হার বেড়ে ৮ দশমিক ২৯ শতাংশ হয়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশের মধ্যে ধরে রাখার লক্ষ্য ঠিক করেছে সরকার। সেই লক্ষ্য পূরণে কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদের উচ্চ হার ধরে রেখেছে। তবে কয়েকটি খাদ্যপণ্যের দাম বাড়ায় প্রত্যাশার সঙ্গে বাস্তবতার ব্যবধান আবার বেড়ে গেল।

পেঁয়াজ, সবজিসহ যেসব খাদ্যপণ্য নভেম্বরের মূল্যস্ফীতিতে প্রভাব ফেলে সেগুলো চলতি মাসেও না কমে উল্টো বেড়েই চলেছে। গতকালও পেঁয়াজ বিক্রি হয়েছে ১৫০ টাকা কেজি। সপ্তাহ দুয়েক আগেও তা ১০০ টাকার নিচে ছিল। ঊর্ধ্বমুখী সবজির বাজারেও স্বস্তি ফেরেনি। বেশির ভাগই বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা কেজিতে। কোনো কোনোটি ১০০ টাকার বেশি।

বিবিএসের তথ্য বলছে, খাদ্য মূল্যস্ফীতি অক্টোবরে ৭ দশমিক শূন্য ৮ শতাংশ থেকে বেড়ে নভেম্বরে ৭ দশমিক ৩৬ শতাংশ হয়েছে। অক্টোবরে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ১৩ শতাংশ, নভেম্বরে তা খানিকটা কমে হয়েছে ৯ দশমিক শূন্য ৮ শতাংশ। গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৬ শতাংশে, যা অক্টোবরে ছিল ৮ দশমিক ১৬ শতাংশ।

এর মধ্যে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি অক্টোবরে ৬ দশমিক ৯৪ থাকলেও নভেম্বরে বেড়ে হয়েছে ৭ দশমিক ২৭ শতাংশ। আর শহরে সার্বিক মূল্যস্ফীতি অক্টোবরের ৮ দশমিক ৩৩ থেকে বেড়ে ৮ দশমিক ৩৯ শতাংশ হয়েছে। নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি শহরে বেড়ে হয়েছে ৭ দশমিক ৬১ শতাংশ, যা অক্টোবরে ৭ দশমিক ৪৫ শতাংশ ছিল।

মূল্যস্ফীতির কারণে খেটে খাওয়া মানুষের পকেটের ওপর চাপ বাড়লেও মজুরি হারের সূচকে কোনো সুখবর নেই। নভেম্বরে মজুরি বৃদ্ধির হার ৮ দশমিক শূন্য ৪ শতাংশ। তার মানে জীবনযাত্রার ব্যয় যে হারে বাড়ছে, মানুষের আয় সেভাবে বাড়ছে না।

বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘‌দেশের ৬৪ জেলার বিভিন্ন বাজার থেকে তথ্য নিয়ে আমরা মূল্যস্ফীতি যাচাই করি। তাতে দেখা যাচ্ছে, খাদ্যে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। কারণ গত মাসে বাজারে সবজির দাম কিছুটা বেশি ছিল। তবে গত বছরের এ সময়ের তুলনায় খাদ্যে মূল্যস্ফীতি অনেক কম। নভেম্বরে খাদ্যবহির্ভূত কিছু পণ্যের দামও সামান্য বেড়েছে। এসবের প্রভাবেই অক্টোবরের তুলনায় নভেম্বরে মূল্যস্ফীতির হার কিছুটা বেশি। তবে গত বছরের তুলনায় মূল্যস্ফীতি নিম্নমুখী।’

দেশের অর্থনীতিবিদ ও বাজারসংশ্লিষ্টরা অবশ্য বিবিএসের দেয়া মূল্যস্ফীতির তথ্যের সত্যতা নিয়ে বহুদিন ধরেই অভিযোগ করে আসছেন। সরকারি এ সংস্থাটির ঘোষিত তথ্য আমলে নিলেও নভেম্বরে বাংলাদেশে মূল্যস্ফীতির হার ছিল গোটা দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ।

শ্রীলংকার মূল্যস্ফীতির হার গত মাসে ছিল ২ দশমিক ১০ শতাংশ। এর আগে ২০২৪ সালের নভেম্বর থেকে টানা নয় মাস ধরে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটির মূল্যস্ফীতি ঋণাত্মক ধারায় ছিল। যদিও আড়াই বছর আগে নিজেকে দেউলিয়া ঘোষণা করা শ্রীলংকার মূল্যস্ফীতি ৭০ শতাংশ পর্যন্ত উঠেছিল। এত উচ্চ মূল্যস্ফীতি মাত্র দুই বছরে নিয়ন্ত্রণে এনেছে দেশটি।

শ্রীলংকার মতোই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজিরবিহীন সাফল্য পেয়েছে পাকিস্তান। গত মাসে দেশটিতে মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ২। অথচ ২০২৩ সালের এপ্রিলে পাকিস্তানের মূল্যস্ফীতি ৩৮ শতাংশ পর্যন্ত উঠেছিল। রাজনৈতিক ও অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়া এ দুটি দেশের মতো দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মূল্যস্ফীতির হারও বাংলাদেশের তুলনায় অনেক কম। এর মধ্যে গত মাসে ভারতের মূল্যস্ফীতির হার ছিল ১ শতাংশেরও (০.২৫%) কম।

মূল্যস্ফীতি কমিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক নীতি সুদের উচ্চ হার (১০ শতাংশ) ধরে রেখেছে। উচ্চ সুদহারের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও মূল্যস্ফীতি কমিয়ে আনা যাচ্ছে না। ফলে ভোক্তার ওপর চাপ বেড়েই চলছে।

এ বিষয়ে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, ‘‌কয়েক মাস ধরে বাংলাদেশে মূল্যস্ফীতি ৮ শতাংশের ঘরেই আটকে আছে, যা সাম্প্রতিক অর্থনৈতিক নীতির কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

মূল্যস্ফীতি সামান্য ওঠানামা হলেও সামগ্রিক প্রবণতায় কোনো দৃশ্যমান পরিবর্তন নেই। সরকার সুদের হার বাড়িয়ে চাহিদা কমানোর চেষ্টা করেছে ঠিকই, কিন্তু এ পরিস্থিতি সামাল দিতে পারছে না। কারণ নীতিগত সমন্বয়, বাজার কাঠামো এবং বাহ্যিক ঝুঁকিগুলোর প্রভাবসহ বহুরূপী চাপে স্থায়ী মূল্যস্থিতি তৈরি হয়নি।’

কৃষি সরবরাহ ব্যবস্থার দুর্বলতার কারণে মূল্যস্ফীতিতে প্রভাব পড়ছে উল্লেখ করে এ অর্থনীতিবিদ আরো বলেন, ‘গত মাসে পেঁয়াজ ও শাকসবজির মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যের মূল্যবৃদ্ধি সামগ্রিক মূল্যস্ফীতিকে আরো তীব্র করেছে।

এটি দেখায়, কৃষি সরবরাহ ব্যবস্থা কতটা দুর্বল এবং বাজারে প্রতিযোগিতার অভাব কতটা প্রভাব বিস্তার করে। এ পরিপ্রেক্ষিতে মূল্যস্ফীতি কমাতে হলে কেবল আর্থিক নীতি প্রয়োগ নয়, বরং শক্তিশালী প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য।’

62 ভিউ

Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com