
সংবাদ বিজ্ঞপ্তি :: কক্সবাজার স্থানীয় জনগোষ্ঠী ও রোহিঙ্গা ক্যাম্পের অভিজ্ঞতা থেকে পাওয়া বাস্তবভিত্তিক এবং সম্প্রসারণযোগ্য ও কমিউনিটি চালিত উদ্ভাবনগুলো নিয়ে সেভ দ্য চিলড্রেন আয়োজন করেছে INNOV8 ফেস্টিভ্যাল ২০২৫।
৩০ নভেম্বর রবিবার কক্সবাজারের স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এ বছর বিভিন্ন সেক্টর ও পার্টনার প্রতিষ্ঠান থেকে মোট ২৯টি উদ্ভাবনী ধারণা জমা পড়ে, যার মধ্যে থেকে জুরি বোর্ড সবচেয়ে সম্ভাবনাময় ধারণাগুলোকে প্রদর্শনের জন্য নির্বাচন করেন।
অনুষ্ঠানেরি বিশেষ অতিথি জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফিরোজা আক্তার বলেন, “এ ধরনের উদ্ভাবন মানবিক সাড়াকে শক্তিশালী করে এবং কমিউনিটিকে আরও স্থিতিশীলতার দিকে এগিয়ে দেয়।
নতুন আইডিয়া লালন ও তরুণদের ক্ষমতায়নে সেভ দ্য চিলড্রেনের উদ্যোগ প্রশংসনীয়।”
সেভ দ্য চিলড্রেন’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এ এস এম রহমত উল্লাহ বলেন “উদ্ভাবন আমাদের দীর্ঘদিনের মানবিক চ্যালেঞ্জগুলোকে আরও বুদ্ধিমত্তার সঙ্গে, দ্রুত ও দায়িত্বশীলভাবে সমাধান করতে সহায়তা করে।
আজকের উপস্থাপিত উদ্ভাবনগুলো প্রমাণ করে আমাদের টিম চ্যালেঞ্জিং পরিবেশেও কতটা দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করছে।”
তিনি আরও বলেন, “প্রদর্শিত প্রতিটি উদ্ভাবনই মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে আমরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হই, সেসব অভিজ্ঞতাগুলোর সমাধান হিসেবে এসেছে।
কিছু উদ্ভাবন নিয়ে আমরা আমাদের প্রকল্প এলাকায় কাজ করছি, আবার কিছু উদ্ভাবন ভবিষ্যতেও আমরা মাঠ পর্যায়ে কাজে লাগাবো।
ঝুঁকিতে থাকা প্রতিটি শিশু ও তাদের পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তৈরি আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।”
অনুষ্ঠানে ডিজিটাল ডাটা ভ্যালিডেশন টুল, সৌর শক্তি চালিত স্যানিটেশন সিস্টেম, যুবদের স্বেচ্ছাসেবা মডেল, মোবাইল ডিজিটাল লার্নিং সেন্টার এবং কমিউনিটি নেতৃত্বাধীন চাইল্ড প্রোটেকশন উদ্যোগসহ বিভিন্ন উদ্ভাবন ঘুরে দেখেন বিভিন্ন মানবিক সংস্থা এবং সরকারি প্রতিনিধিরা।
সেভ দ্য চিলড্রেন বাংলাদেশে ৫০ বছরেরও বেশি সময় ধরে কাজ করছে এবং কক্সবাজারে ২০১২ সাল থেকে বিভিন্ন উন্নয়ন ও মানবিক সহায়তার প্রকল্প পরিচালনা করছে।


Posted ১২:৪৬ অপরাহ্ণ | সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta