
কক্সবাংলা ডটকম(১৬ জানুয়ারী) :: বাংলাদেশ ও মিয়ানমারের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। নেপিডোতে বৈঠক শেষে চূড়ান্ত হওয়া ওই প্রক্রিয়ায়, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আগের চুক্তি অনুযায়ী ফেরত নেওয়ার কথা বলা হয়েছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শেষে মিয়ানমারের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে,প্রথম দফায় ১২৫৮ জন রোহিঙ্গাকে ফেরত নিতে চায় মিয়ানমার। এর মধ্যে ৭৫০ জন মুসলমান এবং ৫০৮ জন হিন্দু।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমার সরকার ৭৫০ জন মুসলমান ও ৫০৮ জন হিন্দু রোহিঙ্গাকে ইতোমধ্যে যাচাই-বাছাই করেছে এবং তারা বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে যে, প্রথম দফায় যেন উল্লিখিত রোহিঙ্গারা থাকে।
রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত যৌথ ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠকটি মিয়ানমারের রাজধানী নেপিদোতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে এতে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং মিয়ানমারের পক্ষে ছিলেন তাদের পররাষ্ট্র সচিব মিন্ট থো। বৈঠক শেষে উভয় পক্ষ মঙ্গলবার ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ স্বাক্ষর করে।
গত নভেম্বরে দুই দেশের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি স্বাক্ষরিত হয়। নেপিডোতে হওয়া জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠকে এই বিষয়ে বাকি সিদ্ধান্তগুলো নেওয়া হয়।
প্রসঙ্গত, ২০১৬ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের আগস্ট পর্যন্ত ৮৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে এবং গত ২৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত ছয় লাখ ৫৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

Posted ৮:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta