
এম জিয়াবুল হক, চকরিয়া :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেছেন, “হাদিসে রাসূল (সা.) আলেমদের নবীগণের উত্তরসূরি হিসেবে আখ্যায়িত করেছেন।
ন্যায়-ইনসাফ ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আলেম সমাজকে অগ্রসৈনিকের ভূমিকা নিতে হবে।”
শনিবার (২৯ নভেম্বর) সকাল দশটার দিকে চকরিয়া মহিলা কলেজ হলরুমে চকরিয়া উপজেলা জামায়াত আয়োজিত আলেম সমাবেশ ও উলামা সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
আবদুল্লাহ আল ফারুক আরও বলেন, “সমাজে আলেমদের এখনো বিরাট মর্যাদা ও প্রভাব রয়েছে।
তাই সে মর্যাদাকে কাজে লাগিয়ে সমাজ পরিবর্তনের কাণ্ডারী হিসেবে এগিয়ে আসতে হবে। দেশ ও জাতির কল্যাণে আলেম সমাজ সর্বদা ঐক্যবদ্ধ থাকলে বড় পরিবর্তন সম্ভব ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনতি হাকিমিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হক।
বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের উলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী, জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েত উল্লাহ এবং জেলা উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা ফরিদুল আলম।
চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশরের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিমের সঞ্চালনায় শুরুতে দারসুল কোরআন পেশ করেন উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল ফজল।
সমাবেশে আরও বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর ডুলহাজারা মারুফিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান আজাদ, উপজেলা উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসেন, খুটাখালী তমিজিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ওমর হামজা, বদরখালী ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবুল বশর এবং পহরচাঁদা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবু সাঈদ প্রমুখ।
প্রধান অতিথি মাওলানা মাহমুদুল হক তার বক্তৃতায় বলেন, পৃথিবীতে আলেমদের চেয়ে ধনী কেউ নেই। কোরআন-হাদিসের বাণী গোপন রাখার কোনোভাবে সুযোগ নেই। রাজনীতি হলো রাজাদের নীতি, সেই রাজা হলো মহান আল্লাহ। আল্লাহর রাজনীতিতে আলেমদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। কোনো জালিম বা বাতিল শক্তির ভয় করে হক কথা বলা থেকে বিরত থাকা যাবে না।

Posted ৫:০৬ অপরাহ্ণ | রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta