
কক্সবাংলা ডটকম(২৪ সেপ্টেম্বর) :: সিরি এ’তে আগের ম্যাচেই জোড়া গোল করে খরা কাটিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর পরও বাজে সময়টা যেন যাচ্ছিল না। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই মাঠ ছেড়েছেন সরাসরি লাল কার্ড দেখে। তবে ঘরোয়া লিগে আগের ম্যাচের পারফরম্যান্সটা ধরে রেখেছেন ‘সিআর সেভেন’।
রবিবার ফ্রোসিনোনের বিপক্ষেও দারুণ নৈপুণ্য দেখিয়েছেন রোনালদো। একটি গোল করলেও ম্যাচজুড়ে তার উপস্থিতি ছিল উজ্জ্বল। বারবার আক্রমণে উঠে ত্রাস ছড়িয়েছেন প্রতিপক্ষের ডিফেন্সে। ম্যাচে জুভদের জয় ২-০ গোলে।
প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই জুভদের দাপট ছিল স্পষ্ট। গোটা ম্যাচে স্বাগতিকদের কোণঠাসা করে ৭২ শতাংশ বল নিজেদের দখলে রেখে আটটি অন টার্গেট শট নেয় ‘তুরিনের বুড়ি’রা। অন্যদিকে ২৮ শতাংশ বল দখলে একটি বলও লক্ষ্যে রাখতে পারেনি ফ্রোসিনোন। এদিন মাত্র ৮ মিনিটের মাথাতেই গোলের সুযোগ তৈরি করেছিল জুভেন্টাস। হুয়ান কুয়েদ্রাদোর ক্রস হেডে রোনালদোর কাছে নামিয়ে দিয়েছিলেন মারিও মান্দজুকিচ। রোনালদোর নেয়া শট গোলরক্ষকের হাতে লেগে জালেই ঢুকছিল। কিন্তু গোল লাইন থেকে ফিরিয়ে দেন কাপুয়ানো। এরপর জুভেন্টাস দ্বিতীয় সুযোগটি পায় ম্যাচের ১৬ মিনিটে।
বুক দিয়ে নামিয়ে রোনালদোর নেয়া শট জমা পড়ে প্রতিপক্ষের গোলরক্ষকের হাতে। ২০ মিনিটের মাথায় রোনালদোর নেয়া শট ঝাঁপিয়ে পড়ে ঠেকান গোলরক্ষক। এরপর প্রতিআক্রমণ থেকে দু-একবার আক্রমণে উঠে স্বাগতিকরাও, কিন্তু তাদের সুযোগ কাজে লাগেনি।
অন্যদিকে বিরতির আগ পর্যন্ত প্রতিপক্ষের ডিফেন্সের আশপাশেই বেশির ভাগ সময় হুমকি তৈরি করে রেখেছিল ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না কোনোভাবে। গোলের চেষ্টাতেই শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পরও যথারীতি ইতালিয়ান চ্যাম্পিয়নদের দাপট অব্যাহত ছিল। ৫৮ মিনিটে পোস্টের ওপর উড়িয়ে না মারলে গোল পেতে পারতেন রোনালদো। ৬০ মিনিটে বিপজ্জনক জায়গা থেকে ফ্রি-কিক পেয়েও কাজে লাগাতে পারেননি জুভ তারকা পাওলো দিবালা। ৬৪ মিনিটে রোনালদোর ব্যাক-হিল ঠেকিয়ে দেন গোলরক্ষক। ৭০ মিনিটে মান্দজুকিচের হেড বারের অল্প ওপর দিয়ে চলে যায়। অবশেষে পয়েন্ট হারানোর শঙ্কায় কম্পমান জুভেন্টাসকে স্বস্তি এনে দেন রোনালদোই। ৮১ মিনিটে ডি-বক্সের ভেতর ফাঁকা জায়গায় বল পেয়ে গোল করে দলকে এগিয়ে দেন পর্তুগিজ সুপারস্টার। জুভেন্টাস যখন এ গোলেই ম্যাচ শেষ করার পথে ছিল তখনই দলকে দ্বিতীয় গোল এনে দেন ফেদেরিকো বের্নারদেস্কি। দ্বিতীয়ার্দের যোগ করা সময়ে এ গোল করেন তিনি।
এ জয়ের পর অ্যালেগ্রি বলেন, ‘আমরা এ ধরনের ম্যাচই আশা করছিলাম। আগের ম্যাচে সাম্পাদোরিয়ার বিপক্ষে পাঁচ গোল হজম করেছিল ফ্রোসিনোনে এবং আমরা বুধবারে ১০ জন নিয়ে ৭০ মিনিট খেলেছি ভ্যালেন্সিয়ার বিপক্ষে। তাই অনেকগুলো শট, ক্রস ও পাসিংয়ের পর আমাদের প্রয়োজন ছিল ধৈর্য ধরে রাখা।’ এ নিয়ে লিগে পাঁচ ম্যাচে মাঠে নেমে পাঁচটিতেই জিতে শীর্ষে থাকল জুভেন্টাস।
এদিকে লিগ ওয়ানে নিজেদের ম্যাচে জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। প্রতিপক্ষ রেনের মাঠে প্রথমে গোল হজম করে পিছিয়ে পড়ে ফরাসি জায়ান্টরা। পরে ডি মারিয়া, থমাস মুনিয়ের ও এরিক ম্যাক্সিম চপো-মোটিংয়ের ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। এ জয়ে টানা ছয় ম্যাচ জিতে শীর্ষস্থান ধরে রাখল লিগ ওয়ান জায়ান্টরা।
এএফপি, গোল ডটকম

Posted ২:১৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta