
কক্সবাংলা ডটকম :: কলকাতা টেস্টে ৭ উইকেটে ৯৩ রান নিয়ে রোববার তৃতীয় দিন শুরু করা দক্ষিণ আফ্রিকা এগিয়ে ছিল মাত্র ৬৩ রানে। এরপরও তারা অনবদ্য এক জয় তুলে নিল, যা ১৫ বছরের মধ্যে ভারতের মাঠে তাদের প্রথম টেস্ট সাফল্য।
১২৪ রানের টার্গেট দিয়েও সফরকারীরা জয় পায় ৩০ রানে। স্বাগতিক ভারত মাত্র ৯৩ রানে অলআউট হয়ে গেলে অভাবনীয় এক জয় নিশ্চিত হয় তেম্বা বাভুমাদের। এশিয়ায় এর চেয়ে কম রানের পুঁজি নিয়ে আর মাত্র একটি জয়ের নজির আছে প্রোটিয়াদের।
কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে ভারতের হারের পেছনে অধিনায়ক শুবমান গিলের চোটও ভূমিকা রেখেছে। প্রথম ইনিংসে ৪ রান করার পর রিটায়ার্ড হার্ট হয়ে যান তিনি। দ্বিতীয় ইনিংসে ভারতের বিপদের সময়ও তিনি ব্যাটিংয়ে নামতে পারেননি। এটা বড় সুবিধা করে দেয় অতিথি দলকে।
স্পিনার সাইমন হারমার ২১ রানে ৪টি, কেশব মহারাজ ৩৭ রানে ২টি ও পেস বোলার মার্কো ইয়ানসেন ১৫ রানে ২ উইকেট নিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের রোমাঞ্চকর এক জয় এনে দেন।
দুই টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে থাকল দক্ষিণ আফ্রিকা। গুয়াহাটিতে ২২ নভেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি এখন অনেকটাই নির্ভার হয়ে খেলতে পারবেন বাভুমা, এইডেন মারক্রামরা। টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুটি দল।
অধিনায়ক হিসেবে ১১ ম্যাচে এটা তেম্বা বাভুমার দশম জয়। আজকের এ জয়ে তিনিই সামনে থেকে নেতৃত্ব দেন। সকালে লড়াকু ব্যাটিংয়ে ১৩৬ বলে ৫৫ রানের হার না মানা ইনিংস খেলে প্রোটিয়াদের পুঁজি গড়ে দেন। এরপর বোলাররা জেতান দক্ষিণ আফ্রিকাকে।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ১৫৯ ও ১৫৩ (বাভুমা ৫৫*, বশ ২৫; জাদেজা ৪/৫০, সিরাজ ২/২, কুলদীপ ২/৩০)। ভারত: ১৮৯ ও ৯৩ (ওয়াশিংটন ৩১, অক্ষর ২৬; হারমার ৪/২১, ইয়ানসেন ২/১৫, মহারাজ ২/৩৭)। ফল: দক্ষিণ আফ্রিকা ৩০ রানে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: সাইমন হারমার (৮ উইকেট)।

Posted ৭:০১ অপরাহ্ণ | রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta