কক্সবাংলা ডটকম :: দক্ষিণী সিনেমার সুপারস্টার জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডার প্রেম নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্চন ছিল।
অবশেষে গুঞ্জনকেই সত্যি করে বাগদান সেরে ফেলেছেন তারা। আগামী বছরের ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় এই তারকাদ্বয়।
এনডিটিভি জানায়, গত শুক্রবার (৩ অক্টোবর) পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গোপন এক অনুষ্ঠানে তাদের বাগদান সম্পন্ন হয়।
তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেননি রাশমিকা ও বিজয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী ফেব্রুয়ারি ২০২৬-এ তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি রাশমিকার একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট নিয়ে ভক্তদের মধ্যে বাগদান–বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। দশেরা উপলক্ষে তিনি ঐতিহ্যবাহী পোশাক পরে তিলক দেওয়া একটি ছবি শেয়ার করেন।
ছবির ক্যাপশনে লেখেন— ‘হ্যাপি দশেরা মাই লাভস… এ বছর আমি বিশেষভাবে কৃতজ্ঞ, কারণ “থাম্মা” ট্রেলার আর আমাদের গান আপনাদের এত ভালো লেগেছে।
আপনাদের ভালোবাসা, মেসেজ, উত্তেজনা, সমর্থন—সব মিলিয়ে প্রতিটি মুহূর্তকে আরও আনন্দময় করে তুলছে। শিগগিরই প্রমোশনে আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি।’
এই পোস্টের পর থেকেই ভক্তদের সন্দেহ আরও ঘনীভূত হয় জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন রাশমিকা।
রাশমিকা ও বিজয় এর আগে গীতা গোবিন্দম এবং ডিয়ার কমরেড চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেছেন। তখন থেকেই এই জুটিকে নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে।
অন্যদিকে রাশমিকাকে এবার দেখা যাবে আদিত্য সারপোতদারের পরিচালনায় হরর–কমেডি ছবি থাম্মা–তে, যেখানে তার বিপরীতে আছেন আয়ুষ্মান খুরানা।
এতে আরও অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী ও পরেশ রাওয়াল। এটি মুক্তি পাবে ২১ অক্টোবর।
আর অভিনেতা বিজয়কে সর্বশেষ দেখা গেছে গোতম তিন্নানুরির পরিচালনায় তেলুগু স্পাই–অ্যাকশন থ্রিলার ‘কিংডম’ সিনেমায়।














