রোতাব চৌধূরী :: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের পার্টনার প্রকল্পের অর্থায়নে ও চকরিয়া উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় নিরাপদ ফসল ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে ধানের সমন্বিত পোকামাকড় দমন ব্যবস্থাপনা (আইপিএম) শীর্ষক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে স্থানীয় ইলিশিয়া বাজার পাড়া এলাকায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজিপুরের কীটতত্ত্ব বিভাগের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড.মো: নজমুল বারী।
চকরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহনাজ ফেরদৌসীর সভাপতিত্বে এবং উপসহকারি কৃষি অফিসার মোজাহিদ উল মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে অন্যদের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মালেক, কৃষি সম্প্রসারণ অফিসার ইশরাত জাহান সুইটি,ধান গবেষণা ইনস্টিটিউটের সাইন্টিফিক অফিসার আবু নাঈম ও মোজাম্মেল হক, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা মোঃ লোকমান হাকিম, কৃষক-কৃষাণী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে ফসলের মাঠে কীটনাশক ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে পোকা দমন করার সুফল প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, কীটনাশক মারাত্মক বিষ। এটি মানব দেহের জন্য খুবই ক্ষতিকর। কীটনাশক ব্যাবহারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।
কৃষি কাজে এর ব্যবহার অতিরিক্ত হওয়ায় দিন দিন আমরা এটিকে স্বাভাবিক ভাবেই দেখতে শুরু করেছি, আমাদেরকে কীটনাশক ব্যবহার থেকে বেরিয়ে আসতে হবে। প্রাকৃতিক উপায়ে জৈব কীটনাশক ব্যাবহার করে ফসলের জমিকে রক্ষা করতে হবে।
উপজেলা কৃষি অফিসার বলেন,আইপিএম পদ্ধতির মাধ্যমে বিষমুক্ত ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছি। এছাড়াও প্রাকৃতিক উপকরণের মাধ্যমে চাষাবাদ পদ্ধতি বিস্তারে কৃষকদের নানা পরামর্শ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা আসছি।
প্রশিক্ষণ পরবর্তীতে বিকালে একই এলাকায় মাঠে চাষকৃত ব্রি ধান-১০৩ জাতের প্রদর্শনী প্লটের শস্য কর্তন করেন এবং শতাধিক কৃষকের অংশগ্রহণে মাঠ দিবস পালন করা হয়।













