কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জ্ঞাত আয়বহির্ভূত ৫৭ কোটি ৫২ লাখ টাকার সম্পদের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তার স্ত্রী সাহেদা নাসরীনকে পাঠানো হয়েছে সম্পদ বিবরণী দাখিলের নোটিস।
বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলা অনুমোদনের বিষয়টি সাংবাদিকদের জানান।
তিনি বলেন, “সাবেক এমপি আশেক উল্লাহ রফিকের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে ৩ কোটি ৯২ লাখ টাকার বেশি সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংকের ১৪টি হিসাবে ৭৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।
“এছাড়া তার স্ত্রী সাহেদা নাসরীনের জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের প্রাথমিক তথ্য পাওয়ায় তার নামে বা বেনামে অতিরিক্ত সম্পদ আছে কিনা, তা যাচাইয়ের জন্য দুদক তাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”
দুদকের অনুসন্ধান অনুযায়ী, আশেক উল্লাহ রফিকের নামে মোট ৬ কোটি ২৭ লাখ ২৭ হাজার টাকার সম্পদ পাওয়া গেছে।
এর মধ্যে বৈধ আয়ের উৎস শনাক্ত হয়েছে ২ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা। ফলে ৩ কোটি ৯২ লাখ ৭৭ হাজার টাকা জ্ঞাত আয়-বহির্ভূত ও অবৈধ সম্পদ হিসেবে চিহ্নিত হয়েছে।
দুদকের অভিযোগে আরও বলা হয়, তার ১৪টি ব্যাংক হিসাবে মোট ৭৫ কোটি ৪৬ লাখ টাকার লেনদেন পাওয়া গেছে, যা কমিশন সন্দেহজনক হিসেবে বিবেচনা করছে।
আশেক উল্লাহ রফিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা; দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২)/৪(৩) ধারায় মামলা অনুমোদন করা হয়েছে।













