রোতাব চৌধূরী :: কক্সবাজারে নিরাপদ অভিবাসন বিষয়ক স্ট্রেনদেন্ড এন্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেমস (সিমস্) প্রকল্পের আওতায় প্রবাসী কল্যাণ ব্যাংকের সেবার মানোন্নয়ন বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার সকালে স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা “প্রত্যাশী সিমস প্রকল্পের আয়োজনে প্রবাসী ও তাদের পরিবারের সহায়তায় নিয়োজিত সরকারি অংশীজন প্রবাসী কল্যাণ ব্যাংক-এর বি়ভিন্ন পরিষেবার মান উন্নয়ন ও বিস্তারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের (এনজিও সেল) সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরোজা আক্তার।
প্রধান অতিথির তাঁর বক্তব্যে বলেন, প্রবাসীরা যাতে সহজে বিদেশে যেতে পারেন এবং দেশে ফিরে নতুন জীবন শুরু করতে পারেন সরকার সেলক্ষ্যে তাদের আর্থিক নিরাপত্তা ও কল্যাণে প্রবাসী ব্যাংকের বিভিন্ন পরিষেবাসহ সরকারি বি়ভিন্ন প্রশিক্ষণ সহজ করে দিয়েছে।
প্রবাসী কল্যাণ ব্যাংক চট্টগ্রাম বিভাগের সহকারী মহাব্যবস্থাপক হাসান মোহাম্মদ সাহারিয়ারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন হেলভেটাস প্রজেক্টের কো-অর্ডিনেটর তাওহীদা কবির এবং এ্যাডভোকেসী এক্সপার্ট শামায়লা মাহবুব,রামু কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ শাহ জালাল, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক খন্দকার ইকবাল হোসেন।
সিমস্ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার বশির আহম্মদ মনি’র উপস্থাপনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রকল্পের কার্যক্রম বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিমস্ প্রকল্পের জেলা সমন্বয়কারী রশিদা খাতুন।
কর্মশালায় প্রবাসী, অভিবাসন প্রত্যাশীদের সহায়তায় অভিবাসন ঋণ, পুনর্বাসন ঋণ,সিএমএসএমই ঋণসহ ব্যাংকটির বিভিন্ন আর্থিক সুবিধা ও পরিষেবা সম্পর্কে নীতিমালা, আবেদন প্রক্রিয়া এবং নতুন সেবাসমূহ নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পর্যায়ে কর্মরত প্যানেল আইনজীবী, এনজিও প্রতিনিধি, মিডিয়া প্রতিনিধি, ব্যাংক প্রতিনিধি এবং প্রবাসী ও তাদের পরিবারের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ও হেলভেটাস বাংলাদেশের কারিগরি সহায়তায় সিমস্ প্রকল্পটি প্রত্যাশী বাস্তবায়ন করছে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ১২টি উপজেলার ৬৮টি ইউনিয়নে।
এছাড়াও এই প্রকল্পের আইনী পরার্মশ ও সহায়তা দিচ্ছে বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতি।













