নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়া উপজেলায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, দুটি শর্টগানের কার্তুজ ও দুটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে।
তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান পুলিশ।
সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া সেনা ক্যাম্প ও থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পেকুয়া থানাধীন রাজাখালী ইউনিয়নের লালজান পাড়া এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী নাছির উদ্দিনের বসতঘরের পেছনে অবস্থিত একটি খালের পাড়ে লাকড়ির স্তুপের নিচে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলাবারদ উদ্ধার করা হয়।
এসময় গণ্যমান্য ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীদের উপস্থিতি ছিলেন।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক, দুটি কালো রঙের শর্টগানের কার্তুজ (সিসা) এবং দুটি ধারালো কিরিচ।
এ বিষয়ে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্রগুলো কারা এবং কী উদ্দেশ্যে সেখানে রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন,অবৈধ অস্ত্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
পেকুয়া থানা পুলিশ জানায়, উদ্ধার সংক্রান্ত বিষয়ে অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে মামলা রুজুসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।














