কক্সবাংলা ডটকম(১৯ ফেব্রুয়ারী :: প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, আমাদের দুদেশের অংশীদারত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিতের অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, যেখানে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলো সমৃদ্ধি লাভ করতে পারে।
স্থানীয় সময় বুধবার (১৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউস থেকে পাঠানো এক চিঠিতে তারেক রহমানকে অভিনন্দন জানানো হয়।
এতে বলা হয়, আমেরিকার জনগণের পক্ষ থেকে, ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য আপনাকে অভিনন্দন জানাই এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার একটি সফল মেয়াদ কামনা করি।
আমাদের উভয় দেশকে আরো সমৃদ্ধ ও নিরাপদ করার একটি সুযোগ আমাদের রয়েছে। সামনে আসা দিনগুলোর জন্য আপনাকে শুভকামনা।
তিনি আরো বলেন, আপনার কার্যকাল শুরুর মুহূর্তে আমি আশা করি, আপনি ‘পারস্পরিক বাণিজ্য চুক্তি’ বাস্তবায়নের মাধ্যমে আমাদের বাণিজ্যিক সম্পর্কের অভাবনীয় গতি বজায় রাখতে সহায়তা করবেন, যা উভয় দেশের কৃষক ও শ্রমিকদের উপকৃত করবে।
আরো আশা করি, আপনি নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করতে নিষ্পত্তিমূলক পদক্ষেপ নেবেন, যা শেষ পর্যন্ত আপনার সামরিক বাহিনীকে বিশ্বের সেরা এবং উচ্চমানের আমেরিকান সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দেবে।
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ককে আগের যেকোনো সময়ের তুলনায় আরো শক্তিশালী করতে আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।














