এস এম জুবাইদ,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়ায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রাত ১২টা এক মিনিটে পেকুয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেমে আসে আবেগঘন পরিবেশ।
শহীদ জিয়াউর উপকূলীয় কলেজ মাঠে নির্মিত শহীদ বেদীতে ফুল দিতে জড়ো হন স্থানীয় প্রশাসন, থানা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ।
রাতের প্রথম প্রহরে একে একে শুরু হয় শ্রদ্ধাঞ্জলি অর্পণ।
প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আলমের নেতৃত্বে পেকুয়া থানা পুলিশের সদস্যরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমদের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের নেতৃত্বে পেকুয়া উপজেলা বিএনপি, যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুটের নেতৃত্বে উপজেলা যুবদল, তাঁতীদলের আহ্বায়ক জয়নাল আবেদীনের নেতৃত্বে উপজেলা তাঁতীদল, আহসান উল্লাহর নেতৃত্বে উপজেলা স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলের সহ-সভাপতি ওসমান গনির নেতৃত্বে উপজেলা শ্রমিকদল এবং হারুনুর রশিদের নেতৃত্বে মৎস্যজীবি দল, ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয়ের নেতৃত্বে উপজেলা ছাত্রদল শহীদ মিনারে ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাঙালি জাতি স্বাধীনতার বীজ বপন করেছিল। মাতৃভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের শহীদদের ত্যাগ জাতিকে অনুপ্রাণিত করে। তাদের এই আত্মদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।














