আবু হেনা সাগর,ঈদগাঁও :: ঈদগাঁও উপজেলার ঐতিহ্যবাহী ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাঁও শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসায় এবার আলিম (এইচএসসি) শ্রেণির পাঠদান চালু হলো।
সম্প্রতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক আলিম পর্যায়ে পাঠদানের অনুমতি প্রদান করা হয়।
আলিম ও বিজ্ঞান বিভাগ চালুর খবরে শিক্ষার্থী, অভিভাবক,এলাকাবাসীর মাঝে খুশির আমেজ বিরাজ করছে।
স্থানীয়দের মতে, এমন মহৎ উদ্যোগেই ঈদগাঁও অঞ্চলের শিক্ষার উন্নয়নে নব সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
জানা যায়, ঈদগাঁও দক্ষিণ মেহেরঘোনা রেঞ্জ অফিস সংলগ্ন মহাসড়কের পূর্ব পাশে মনোরম পরিবেশে অবস্থিত এই মাদ্রাসাটি প্রতিষ্ঠালগ্ন থেকেই সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রতিবছর দাখিল পরীক্ষায় সন্তোষজনক ও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি উপজেলার শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ আলিম চালুর লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে সরেজমিন তদন্তসহ প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পাঠ দানের অনুমোদন প্রদান করা হয়।
যার কারনে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক, বিজ্ঞান ভিত্তিক, উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হয়েছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য।
মাদ্রাসা সুপার মনসুর আলম সত্যতা নিশ্চিত করে জানান, বিজ্ঞান বিভাগ চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে শিক্ষা বিস্তারে এক ধাপ এগিয়ে গেছে।
আলিম পর্যায়ে পাঠদান শুরুর মধ্য দিয়ে শিক্ষার মান আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ভবিষ্যতে মাদ্রাসা দক্ষ, যোগ্য ও নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।















