কক্সবাংলা ডটকম :: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠতে ২১২ রান তোলার পর পাকিস্তানের প্রয়োজন ছিল শ্রীলংকাকে ১৪৭ রানের মধ্যে আটকানো।
সেটি তো তারা পারেইনি, বরং শেষ দিকে হারতে বসেছিল। ক্যান্ডিতে আজ শনিবার শেষ ওভারে ২৮ রান তোলার সমীকরণ মেলাতে পারেনি শ্রীলংকা।
৫ রানের জয় পেয়েছে পাকিস্তান। যদিও এই জয়টি তাদের জন্য শুধুই সান্ত্বনার। শ্রেয়তর নেট রানরেট নিয়ে তাদের টপকে সেমিফাইনালে উঠে গেছে নিউজিল্যান্ড।
আগে ব্যাট করে ফখর জামান ও সাহিবজাদা ফারহানের ১৭৬ রানের জুটির পরও ২১২ রানের বেশি তুলতে পারেনি পাকিস্তান।
ফারহান ৬০ বলে ৯ বাউন্ডারি ও ৫ ছক্কায় ১০০ রান করেন।
আর বাবর আজমের জায়গা নেয়া ফখর জামান ৪২ বলে ২০০ স্ট্রাইক রেটে ৮৪ রান করেন ৯ বাউন্ডারি ও ৪ ছক্কায়।
এরপর ৩৩ রানে লংকানদের ২ উইকেট তুলে নিয়ে আশা জাগায় পাকিস্তান বোলাররা।
১০১ রানের মধ্যে লংকানদের পঞ্চম উইকেটের পতন ঘটান আবরার আহমেদরা।
যদিও এরপর অধিনায়ক দাসুন শানাকা আর পবন রত্নায়েকের ৩৩ বলে ৬১ এবং শানাকা ও দুনিত ভেল্লালাগের ১৫ বলে ৪৫ রানের দুটি জুটি পাকিস্তানকে চরমভাবে হতাশ করেন।
পবন ৩৭ বলে ৫৮ রান করে আউট হলেও শানাকাকে কেউ আউট করতে পারেননি।
তিনি ৩৯ বলে ২ বাউন্ডারি ও ৮ ছক্কায় ৭৬ রান করে অপরাজিত থাকেন।
সুপার এইটে গ্রুপ-টু থেকে আগেই সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। বাকি টিকিটের জন্য লড়ছিল নিউজিল্যান্ড ও পাকিস্তান।
৩ ম্যাচ শেষে নিউজিল্যান্ড ও পাকিস্তান উভয়ের ঝুলিতে সমান ৩ পয়েন্ট।
নেট রানরেট কিউইদের (+) ১.৩৯০ আর পাকিস্তানের (-) ০.১২৩।














