নজরুল ইসলাম,কুতুবদিয়া :: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার প্রধান দুই বাজার বড়ঘোপ ও ধুরুং বাজার এক বছরের জন্য মোট ৯৯ লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছে।
এর মধ্যে বড়ঘোপ বাজার ৪৭ লাখ টাকা এবং ধুরুং বাজার ৫২ লাখ টাকায় ইজারা হয়।
বড়ঘোপ বাজারের ইজারা মূল্য সহনীয় মনে হলেও ধুরুং বাজারের উচ্চ ইজারা মূল্য নিয়ে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
শুক্রবার বিকাল আড়াইটায় কুতুবদিয়া উপজেলা পরিষদের হলরুমে বাজার দুটির টেন্ডার বাক্স খোলা হয়।
দায়িত্ব প্রাপ্ত পেকুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) টেন্ডার কার্যক্রম সম্পন্ন করেন।
জানা যায়, বড়ঘোপ বাজারের ইজারা পেয়েছেন ওয়াহিদুল আলম এবং ধুরুং বাজারের ইজারা পেয়েছেন মো. রিপন।
তথ্য অনুযায়ী, গত বছর বড়ঘোপ বাজারের ইজারা মূল্য ছিল ৪৪ লাখ টাকা এবং ধুরুং বাজারের ইজারা মূল্য ছিল ৩১ লাখ টাকা।
সে হিসাবে এ বছর ধুরুং বাজারের ইজারা মূল্য উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।
এ বিষয়ে ধুরুং বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, “এত টাকা কোথা থেকে আসবে তা নিয়ে আমাদের চিন্তা রয়েছে।
প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে, ডাকের সাথে সাথে যেন টোলের হার নির্ধারণ করে দেওয়া হয়।
বিধি মোতাবেক টোল আদায় করতে হবে।”
টেন্ডার প্রক্রিয়ায় ধুরুং বাজারের জন্য ৪ জন এবং বড়ঘোপ বাজারের জন্য ৩ জন অংশগ্রহণ করেন। মোট ৭ জন দরদাতা উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।














