রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: কুমার মঙ্গলম বিড়লার মালিকানাধীন আদিত্য বিড়লা গ্রুপের নেতৃত্বে একটি কনসোর্টিয়াম আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা পেয়েছে। ওই কনসোর্টিয়ামে বিড়লারা ছাড়াও রয়েছে টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ, আমেরিকান ক্রীড়া বিনিয়োগকারী ডেভিড ব্লিৎজার এবং মার্কিন সংস্থা ব্ল্যাকস্টোন। নতুন মালিকদের মধ্যে সবচেয়ে বেশি শেয়ার থাকবে আদিত্য বিড়লা গ্রুপের হাতে। দলটির ব্র্যান্ড ভ্যালু আনুমানিক ২,২৪৬ কোটি টাকা।
মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়াদের দল এখনও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মুকুটের রত্ন। মুকেশ আম্বানি ও নীতা আম্বানির মালিকাধীন এই দল আসন্ন মরশুমে অন্যতম শক্তিশালী দল। মাঠের সাফল্যের পাশাপাশি বাণিজ্যিক শক্তিতেও অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের তারা অনেকটাই পিছনে ফেলেছে। বর্তমানে দলটির ব্র্যান্ড ভ্যালু আনুমানিক ২,০৩২ কোটি টাকা।
চেন্নাই সুপার কিংস: এমএস ধোনিদের দলের মালিকানা চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেডের অধীনে। কোম্পানিটি ইন্ডিয়া সিমেন্টস লিমিটেডের একটি অংশ। এর প্রধান উদ্যোক্তা হলেন এন শ্রীনিবাসন। যিনি দীর্ঘ সময় ধরে এই দলের সঙ্গে যুক্ত। পাশাপাশি এলআইসি-সহ একাধিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরও অংশীদারিত্ব সিএসকে’র আর্থিক ভিতকে আরও শক্তিশালী করেছে। বর্তমানে দলটির ব্র্যান্ড ভ্যালু আনুমানিক ১,৯৮০ কোটি টাকা।
কলকাতা নাইট রাইডার্স: ফ্র্যাঞ্চাইজিটি মূলত বলিউড অভিনেতা শাহরুখ খান, অভিনেত্রী জুহি চাওলা এবং তাঁর স্বামী জয় মেহতার মালিকানাধীন। শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’-এর কাছে বর্তমানে দলের ৫৫ শতাংশ শেয়ার রয়েছে। বাকি ৪৫ শতাংশ মেহতা গ্রুপের হাতে। বর্তমানে দলটির ব্র্যান্ড ভ্যালু আনুমানিক ১,৮৭০ কোটি টাকা।
সানরাইজার্স হায়দরাবাদ: ঈশান কিষানের দলের মালিক হলেন কালানিথি মারান এবং তাঁর কন্যা কাব্য মারান, যাঁরা সান গ্রুপের কর্ণধার। ২০১৩ সালে ডেকান চার্জার্স বিলুপ্ত হওয়ার পর এই গ্রুপটি দলটির মালিকানা গ্রহণ করে। কাব্য মারান দলটির সিইও এবং সহ-মালিক হিসাবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে দলটির ব্র্যান্ড ভ্যালু আনুমানিক ১,৪৩০ কোটি টাকা।
দিল্লি ক্যাপিটালস: ফ্র্যাঞ্চাইজিটি যৌথভাবে জেএসডব্লিউ স্পোর্টস এবং জিএমআর গ্রুপের মালিকানাধীন। ২০১৮ সালে এই পার্টনারশিপ গড়ে ওঠে। দুই গ্রুপের হাতেই ৫০ শতাংশ মালিকানা রয়েছে। জেএসডব্লিউ’র পার্থ জিন্দাল এবং জিএমআর-এর কিরণ কুমার গ্রান্ধি দলের কো-চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। দিল্লির ব্র্যান্ড ভ্যালু আনুমানিক ১,৪২২ কোটি টাকা।
রাজস্থান রয়্যালস: চলতি মরশুমেই নতুন মালিকের অধীনে খেলতে নামবেন রিয়ান পরাগরা। মনোজ বাদালেরর হাত থেকে এবার মালিকানা যাচ্ছে কাল সোমানির হাতে। যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগদের ফ্র্যাঞ্চাইজির দাম উঠল ১৫ হাজার ৩০০ কোটি টাকা। সোমানির সঙ্গে ওয়ালমার্টের রব ওয়ালটন ও হ্যাম্প পরিবার যুক্ত রয়েছে। রাজস্থানের ব্র্যান্ড ভ্যালু আনুমানিক ১,২৩০ কোটি টাকা।
পাঞ্জাব কিংস: দলের মালিকানায় প্রীতি জিন্টা (পিজেডএনজেড মিডিয়া) মুখ্য হলেও, তিনি একমাত্র মালিক নন। প্রখ্যাত ব্যবসায়ী ডাবরের মোহিত বুরম্যান (৪৮%), ওয়াদিয়া গ্রুপের নেস ওয়াদিয়া (২৩%) এবং এপিজে সুরেন্দ্র গ্রুপের করণ পল (৬%)-রাও বলিউড অভিনেত্রীর সঙ্গে যৌথভাবে ফ্র্যাঞ্চাইজিটির মালিক। বর্তমানে শ্রেয়স আইয়ারদের দলের ব্র্যান্ড ভ্যালু আনুমানিক ১,১৭৮ কোটি টাকা।














