মুকুল কান্তি দাশ,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা-খামার পাড়ায় ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে তৃতীয় বারের মতো ২ দিনব্যাপী ঈদ পূর্ণমিলনী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট জমকালো ও উৎসব মুখর পরিবেশে অনুষ্টিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কাঠগোলাপ দল।
সোমবার (২৩মার্চ) ঈদের তৃতীয় দিন থেকে শুরু হয়ে দুই দিনব্যাপী ঈদ পূর্ণমিলনী ফুটবল টূর্নমেন্ট।
বুধবার (২৫মার্চ) পৌরসভার কাহারিয়াঘোনা খামারপাড়া ৬নং ওয়ার্ডস্থ এলাকায় ফাইনাল খেলা অনুষ্টিত হয়। এই ফুটবল ম্যাচ ঘিরে এলাকাটির আবালবৃদ্ধবনিতার মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
কাহারিয়াঘোনা খামার পাড়া নবজাগরণ ক্রীড়া পরিষদ কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনী উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন- চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সমাজ পরিচালনা কমিটির সভাপতি মাস্টার মাহাম্মদুল হক।
উদ্বোধক ছিলেন-কাহারিয়াঘোনা খামার পাড়া সমাজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মেসার্স সোনালী এগ্রো এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফজল করিম।
কাহারিয়াঘোনা খামার পাড়া নবজাগরণ ক্রীড়া পরিষদের সভাপতি রুহুল কাদেরের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মো.সেলিম উল্লাহ’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কাহারিয়াঘোনা খামারপাড়া মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি সোলতান আহমদ,অর্থ সম্পাদক মোহাম্মদ আলী, সওদাগরঘোনা বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার সাহাব উদ্দীন, সমাজ সেবক ও চিকিৎসক ফরিদুল আলম, নয়ন করসহ প্রমুখ।
অনুষ্ঠানে এলাকার সন্তান নবনিযুক্ত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. আব্দুল মোমেনকে সংগঠনের পক্ষথেকে সংবর্ধনা দেওয়া হয়।
এইবারের আসরে ৮টি দলে ভাগ করে প্রত্যেক দলে ১১ জন খেলোয়াড় নিয়ে গঠন করা হয় টিম।
এতে যথাক্রমে-দোলন চাপা, বাগান বিলাস, অর্কিড, রজনী গন্ধা, হাসনা হেনা, কাঠ গোলাপ, নয়ন তারা ও সূর্যমুখী দলের নাম দেওয়া হয়।
সর্বশেষ ফাইনালে সূর্যমুখী দলকে পরাজিত করে সাংবাদিক সাইফুল ইসলাম সাইফ ও মো.সেলিমের গড়া দল কাঠ গোলাপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন মোহাম্মদ ফারহান।
পরে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,কাহারিয়াঘোনা-খামার পাড়া নবজাগরণ ক্রীড়া পরিষদের নির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সকল সদস্যরা উপস্থিত ছিলেন।














