রোতাব চৌধূরী :: কক্সবাজার জেলা প্রশাসন ও বিএসটিআই জেলা কার্যালয়ের সমন্বয়ে সদর উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এসময় অনিয়ম থাকায় একটি প্রতিষ্ঠানকে ষাট হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
২৮ মার্চ শনিবার জেলা সদরের পানবাজার,বাস টার্মিনাল,লিংক রোডের চারটি ফিলিং স্টেশনে দিনব্যাপী পরিচালিত এ মোবাইল কোর্টে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কর্তৃক নির্ধারিত পরিমাণে তেল বিক্রয় হচ্ছে কিনা এবং অবৈধভাবে তেল মজুদ করছে কিনা তা তদারকিতে এ অভিযান পরিচালিত হয়।
এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাজমুল হাসান নাঈম।
অভিযানকালে লিংক রোডের মেসার্স ফয়েজ এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশন নামে একটি প্রতিষ্ঠানের ১টি অকটেন ডিস্পেন্সিং ইউনিট যাচাই করে প্রতি ৫লিটার অকটেনে ১৯০ মি.লি. তেল কম পাওয়ায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ২৯ নং ধারা লঙ্ঘনের দায়ে ষাট হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া অপর ৩টি প্রতিষ্ঠানের ২টি করে ডিস্পেন্সিং ইউনিট যাচাই করে সঠিক পাওয়া গেলেও তাদের স্টোরেজ ট্যাংকের রিজার্ভ তেলের পরিমাপ যাচাই ও সরকারি নির্দেশনা মেনে তেল বিক্রয় করার পরামর্শ প্রদান করা হয়।
এসময় প্রসিকিউটর হিসেবে বিএসটিআই জেলা কার্যালয়, কক্সবাজার-এর পরিদর্শক (মেট) এস, এম, রুহুল ইসলামসহ আইনশৃংখলা বাহিনী ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করেন।
বিএসটিআই জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও অফিস প্রধান দেবাশীষ তালুকদার জানান,জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।













