দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়া থানাধীন বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে র্যাব-১৫ এর একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং সামরিক বাহিনীর ব্যবহৃত পোশাক ও সরঞ্জামাদি উদ্ধার করে।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ফ. ম ফারুক জানান, সোমবার দিবাগত রাত অনুমান ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উখিয়া থানাধীন বালুখালী ক্যাম্প-৮/ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/৪১ এলাকায় এক দুষ্কৃতকারী নাশকতার উদ্দেশ্যে বিপুল অস্ত্র ও সরঞ্জাম মজুদ করেছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত আড়াইটার দিকে র্যাবের একটি দল বর্ণিত এলাকায় জনৈক সৈকত হোসেন বুলু (৪০) এর বসত ঘরে অভিযান পরিচালনা করে।
র্যাবের উপস্থিতি টের পেয়ে বুলু কৌশলে দরজা খোলা রেখে পালিয়ে যেতে যায়।
এ সময় তার শয়নকক্ষের ভিতর ছাদের সিলিং (বিশেষ কায়দায় তৈরি মাচা) থেকে রঙিন প্রিন্টের কাপড় দ্বারা মোড়ানো অবস্থায় ১ টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ১ বিদেশী পিস্তল, ৪ রাউন্ড রাইফেলের গুলি, ৪ রাউন্ড গুলি ভর্তি ১টি পিস্তলের ম্যাগাজিন, ৮৫ জোড়া সামরিক বাহিনীর পোশাক সদৃশ্য কম্বেট ইউনিফর্ম, ২১০ টি সামরিক বাহিনীর টুপি সদৃশ্য কম্বেট টুপি, ৩০ টি সামরিক হেলমেট, ১৫ টি বান্ডুলিয়ার, ৪০ জোড়া হ্যান্ড গ্লাভস, ৯৮ জোড়া বিশেষ মোজা উদ্ধার করে।
পলাতক আসামি সৈকত হোসেন বুলুকে গ্রেপ্তারে র্যাবের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।













