বুধবার ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

৪০ বছর পর ফুটবল বিশ্বকাপে ইরাক, ৫২ বছর পর কঙ্গো, ফিরল তুরস্কও

🗓 বুধবার, ০১ এপ্রিল ২০২৬

👁️ ৪৭ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ০১ এপ্রিল ২০২৬

👁️ ৪৭ বার দেখা হয়েছে

একদিকে যুদ্ধ, অন্যদিকে ফুটবল। বিশ্বকাপে (FIFA World Cup 2026) আমেরিকায় খেলতে না যাওয়ার হুমকি দিয়ে রেখেছে ইরান। অবশেষে সেই নিয়ে মুখ খুলল ফিফা। ফুটবল নিয়ামক সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাফ বার্তা, যুদ্ধ পরিস্থিতিতেও আমেরিকাতে গিয়েই খেলতে হবে ইরানকে।

অন্যদিকে দশকের পর দশক ধরে যে আক্ষেপ বুকে নিয়ে ঘুরছিল তিনটি দেশ, অবশেষে সেই অপেক্ষার অবসান হলো।  ২০২৬ সালের ৪৮ দলের ফিফা বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে কঙ্গো, ইরাক ও তুরস্ক। এবার ইরান না খেললে যাদের বিকল্প বলে ভাবা হচ্ছিল, সেই ইরাকও বিশ্বকাপের ছাড়পত্র পেয়েছে। বলিভিয়াকে হারিয়ে ৪৮তম দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেল ইরাক।

আন্তমহাদেশীয় ও ইউরোপীয় অঞ্চলের প্লে-অফ ফাইনালে জয়ের মধ্য দিয়ে ৫২ বছর পর কঙ্গো, ৪০ বছর পর ইরাক এবং ২৪ বছর পর বিশ্বমঞ্চে ফিরল তুরস্ক।

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে কোস্টারিকাকে ৫-০ গোলে হারিয়েছে ইরান। তুরস্কের মাটিতে সেই ম্যাচ দেখতে হাজির ছিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো।

ম্যাচের পর তিনি জানিয়ে দেন, “ইরান বিশ্বকাপে খেলবে। যেখানে ওদের ম্যাচ হওয়ার কথা ছিল, সেখানেই হবে। কোনও প্ল্যান বি নেই। সূচি অনুযায়ী খেলা হবে। ইরান খুবই শক্তিশালী হল। আমি ওদের খেলা দেখলাম। প্লেয়ার ও কোচেদের সঙ্গে কথা হয়েছে। সব ঠিক আছে।”

তবে এদিনও প্রতিবাদ বজায় রাখেন ইরানের ফুটবলাররা। জাতীয় সঙ্গীতের সময় আমেরিকা-ইজরায়েলের যৌথ আক্রমণে নিহতদের ছবি হাতে নিয়ে মাঠে নামেন মেহদি তারেমিরা। এর আগে হাতে স্কুল ব্যাগ নিয়ে ‘নীরব প্রতিবাদ’ জানিয়েছিলেন ফুটবলাররা। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রচ্ছন্ন হুমকি দিয়ে লিখেছিলেন, ‘ইরান প্লেয়ারদের নিরাপত্তার কথা ভেবেই বলছি, এই সময়ে বিশ্বকাপ খেলতে আসা ঠিক হবে না ওদের পক্ষে।’

মাঝে শোনা গিয়েছিল, ইরান না খেললে ইরাককে বিশ্বকাপে নেওয়া হবে। তবে এদিন বলিভিয়াকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেয়ে গিয়েছে ইরাক। মেক্সিকোতে আয়োজিত ম্যাচে ইরানের হয়ে গোল করেন আলি আল-হামাদি ও আয়মেন হুসেন। একটি গোল শোধ করেন বলিভিয়ার মোইসেস পানিয়াগুয়া। ৪০ বছর পর বিশ্বকাপের টিকিট হাতে পেল ইরাক। যুদ্ধের জন্য এই ম্যাচের আগে সমস্যায় পড়েছিল তারা। তবে সব বাধা উড়িয়ে বিশ্বকাপে খেলবে ইরাক।

১৯৭৪ সালের পর আর কখনোই বিশ্বকাপে খেলা হয়নি কঙ্গোর। দীর্ঘ ৫২ বছরের সেই আক্ষেপ তারা ঘুচিয়েছে মেক্সিকোর গুয়াদালাহারায় আন্তমহাদেশীয় প্লে-অফ ফাইনালে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে। নির্ধারিত সময়ে কঙ্গোর স্ট্রাইকার সেন্দ্রিক বাকাম্বুর দুটি গোল অফসাইডের কারণে বাতিল হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০০তম মিনিটে কর্নার থেকে আসা বল জালে জড়িয়ে কঙ্গোর ইতিহাস নতুন করে লেখেন ডিফেন্ডার অ্যাক্সেল তুয়ানজেবে। ভিএআর পরীক্ষাতেও গোলটি টিকে যায়। ৪৮ দলের বিশ্বকাপে ‘গ্রুপ কে’-তে খেলবে কঙ্গো। প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে পর্তুগালের। এরপর প্রতিপক্ষ কলম্বিয়া ও উজবেকিস্তান।
এদিকে ২০০২ বিশ্বকাপে তৃতীয় হওয়ার পর গত দুই দশকে বাছাইপর্বের বাধা পেরোতে পারেনি তুরস্ক। অবশেষে ২৪ বছরের সেই খরা কাটিয়ে আবার বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ফিরল তারা। প্রিস্টিনায় অনুষ্ঠিত প্লে-অফ ফাইনালে স্বাগতিক কসোভোকে ১-০ গোলে হারিয়েছে কোচ ভিনচেঞ্জো মনতেলার শিষ্যরা। ম্যাচের ৫৩ মিনিটে ফরোয়ার্ড কেরেম আকতুরকোগলুর পা থেকে আসে জয়সূচক একমাত্র গোলটি। প্রথমবারের মতো বিশ্বকাপে ওঠার স্বপ্ন দেখা কসোভোকে হতাশ করে মূল পর্বের টিকিট কাটে র‍্যাঙ্কিংয়ের ২৫তম স্থানে থাকা তুরস্ক। বিশ্বকাপে তুরস্ক খেলবে ডি গ্রুপে। সেখানে তাদের গ্রুপসঙ্গী অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়া।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর