হেলাল উদ্দিন, টেকনাফ :: মিয়ানমারের চলমান সংঘাতের কারণে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে পড়া কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
সীমান্ত বাণিজ্য স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
সোমবার (৬ এপ্রিল) সকালে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় নাফ নদীর তীরবর্তী টেকনাফ স্থলবন্দর পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বন্দর এলাকার গুদামে সংরক্ষিত পণ্য, অবকাঠামো এবং সামগ্রিক পরিস্থিতি ঘুরে দেখেন।
পরে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যবসায়ী প্রতিনিধি এবং বন্দর ব্যবস্থাপনার সঙ্গে জড়িত বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেন।
সাংবাদিকদের প্রতিমন্ত্রী জানান, মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতার কারণে টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে।
এতে স্থানীয় ব্যবসায়ীসহ সীমান্ত বাণিজ্যের সঙ্গে জড়িত অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরিস্থিতি বিবেচনায় নিয়ে বন্দরটি পুনরায় সচল করতে সরকার কার্যক্রম শুরু করেছে।
তিনি বলেন, বিজিবি, কোস্ট গার্ড, কাস্টমস, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং সিঅ্যান্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে।
বাংলাদেশ ও মিয়ানমার সরকারের সমন্বয়ের মাধ্যমে সীমান্ত বাণিজ্য আবারও চালু করার চেষ্টা চলছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, টেকনাফ স্থলবন্দর সচল হলে সীমান্ত বাণিজ্য যেমন গতি পাবে, তেমনি স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হবে এবং ব্যবসায়ীরা উপকৃত হবেন।
পরিদর্শনকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মুহাম্মদ মানজারুল মান্নানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।














