নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় জড়িত প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ভিকটিমের পিতা ছরওয়ার আলম বাদী হয়ে আজ মঙ্গলবার আবিদকে প্রধান আসামি করে এবং অজ্ঞাতনামা আরও দুইজনকে সহযোগী আসামি দেখিয়ে পেকুয়া থানায় একটি মামলা দায়ের করেন।
যার মামলা নম্বর ০৭/২৬।
মঙ্গলবার দুপুরে পেকুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে কলেজগেইট চৌমুহনী এলাকা থেকে প্রধান আসামি আবিদকে গ্রেপ্তার করে।
একই সময় ওই এলাকা থেকে ভিকটিমকেও উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আবিদ পেকুয়া সদর ইউনিয়নের দক্ষিণ বটতলীয়া পাড়া এলাকার শাহ মুহাম্মদ নাসির উদ্দীনের পুত্র।
ভিকটিম শিলখালী এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) একেএম সাইদুর রহমান পিপিএম বলেন, গত সোমবার বিদ্যালয়ে যাওয়ার পথে সদর ইউনিয়নের সিকদারপাড়া ডাবল ব্রিজ সংলগ্ন এলাকা থেকে আবিদ কৌশলে ওই শিক্ষার্থীকে ফুসলিয়ে সিএনজি চালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।














