হেলাল উদ্দিন, টেকনাফ :: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
এ সময় দুইজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় সন্দেহজনক একটি নৌকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় নৌকায় থাকা দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।
অভিযানে মোট ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক পাচারের কাজে ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়েছে।














