রোতাব চৌধূরী :: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিমানবন্দরসহ কিছু কিছু রেলওয়ে স্টেশনকে ফ্রি ওয়াই–ফাই সেবার আওতায় আনা হয়েছে।এ সেবার আওতায় অন্যদেরও আনতে কাজ করা হচ্ছে।
মন্ত্রী শনিবার কক্সবাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত “সবার জন্য ইন্টারনেট” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মন্ত্রী বলেন,আইসিটির মত এই গুরুত্বপূর্ণ সেক্টরে সৃষ্টি হবে কর্মসংস্থানের সুযোগ। বড় বড় মেডিকেল হাসপাতালগুলোসহ সবার ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে চাই বলে মন্তব্য করেন মন্ত্রী।
এ ছাড়া পর্যটন শিল্পের বিকাশে বিনিয়োগ বাড়াতে সহজ সুযোগ তৈরীর পাশাপাশি সৈকত শহরকে পরিচ্ছন্ন রাখতে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহবান জানান মন্ত্রী ফকির মাহবুব আনাম।
মন্ত্রী আরো বলেন, সমুদ্রে মাছ ধরতে যাওয়া ফিশিং বোট ও জেলেদের নিরাপত্তায় স্যাটেলাইট এর মাধ্যমে ট্রলারগুলোতে ইন্টারনেটের আওতায় আনতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া পর্যটন কেন্দ্রগুলোতে ফ্রি ওয়াই-ফাই এর কানেক্ট সহজলভ্য করতেও কাজ করছে সরকার।
জেলা প্রশাসক মো: আ: মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ,ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান,পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বক্তব্য রাখেন।
এ ছাড়া সভায় মুক্ত আলোচনায় জেলা মৎস্য কর্মকর্তা মো: নাজমুল হুদা, প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন বাহারী,উইমেন চেম্বার এন্ড কমার্স সভাপতি জাহানারা ইসলাম, টুয়াক কর্মকর্তা এম এম সাদেক লাবু, ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেনসহ হোটেল মোটেল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ইন্টারনেট সেবার গুণগত মান বৃদ্ধি ও সহজলভ্যতাসহ বিভিন্ন বিষয়ে তাদের নিজ নিজ মতামত তুলে ধরেন।
এ ছাড়া সভায় নিরাপদ ইন্টারনেট ব্যবহার, সাইবার নিরাপত্তা এবং পর্যটন এলাকাসহ শুটকী শিল্প ব্জাজাতকরণ,নারী উদ্যোক্তা, শিক্ষা ক্ষেত্রসহ বিভিন্ন সেক্টরে ইন্টারনেট ব্যবহারের সুফলের পাশাপাশি প্রান্তিক পর্যায়ে এর সহজলভ্যতা নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ফোন অপারেটর ও আইসিটি সেক্টরের কর্মকর্তা ও স্টেক হোল্ডারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।













