মঙ্গলবার ১২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গভঙ্গের কুশীলব লর্ড কার্জন

🗓 বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

👁️ ৬৬ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

👁️ ৬৬ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম(১৫ এপ্রিল) :: ব্রিটিশ সাম্রাজ্যের চরম প্রতিক্রিয়াশীল প্রতিনিধি, জর্জ নাথানিয়েল ব্যারন কার্জন অব কেল্লেস্টোন সংক্ষেপে লর্ড কার্জন ১৮৯৯ সালে ব্রিটিশ ইন্ডিয়ার ভাইসরয় রূপে ভারতে আসেন। তার কর্মস্থল-আবাসস্থল রাজধানী কলকাতায়। অতি ধূর্ত এবং চরম বাঙালিবিদ্বেষী কার্জনের বাংলা ও বাঙালিকে চিনতে-বুঝতে বিলম্ব হয়নি।

বাঙালিদের প্রখর জাতীয়তাবোধ, দেশপ্রেম এবং সর্বোপরি উপনিবেশিক ইংরেজবিরোধী মনোভাব সহজেই তিনি আঁচ করতে পেরেছিলেন। শিক্ষা, সংস্কৃতি, বুদ্ধিবৃত্তিক চর্চায় আগ্রসর বাঙালি জাতি ব্রিটিশ শাসন অবসানে ক্রমেই তৎপর হয়ে উঠেছে; এ সত্যটি তার মতো ধূর্ত ব্যক্তির পক্ষে বোঝা কঠিন ছিল না। দেশপ্রেমে উদ্বুদ্ধ বাঙালি জাতিকে নিয়ন্ত্রণ করার কৌশল রূপে নানা পদক্ষেপ কার্জন গ্রহণ করেছিলেন।

বাঙালি জাতিকে ধর্মের বিভাজনে দ্বিখণ্ডিত করার অভিপ্রায়ে ১৯০২ সালে বাংলা বিভক্তি অর্থাৎ বঙ্গভঙ্গের উদ্যোগ গ্রহণ করেন। পাশাপাশি অবাধ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আরোপ করেন কঠোর বিধিনিষেধ। রাষ্ট্রীয় গোপন আইনের আওতায় সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়। ব্রিটিশ উপনিবেশিক শাসকরা শিক্ষা বিস্তারে যে ভূমিকা নিয়েছিল, সেটা মোটেও উদ্দেশ্যহীন ছিল না, ছিল রাষ্ট্রনীতির স্বার্থে। ভারতীয়দের উচ্চশিক্ষায় শিক্ষিত জাতি রূপে গড়ে তোলা তাদের অভিপ্রায় ছিল না।

স্থানীয় ভারতীয়দের শিক্ষাদানে একটি কেরানি শ্রেণি গড়ে তোলাই ছিল প্রধান উদ্দেশ্য। শাসনব্যবস্থার সহযোগী রূপে এই কেরানি শ্রেণি গড়ে তুলেছিল উপনিবেশিক সাম্রাজ্য বিস্তারে এবং শাসনব্যবস্থার তাগিদে। কেননা, রাষ্ট্র পরিচালনার জন্য বিশাল ইংরেজ কর্মকর্তা-কর্মচারীদের বহর ইংল্যান্ড থেকে ভারতে আনা ছিল অসম্ভব। সে উদ্দেশ্যই মিশনারিদের মাধ্যমে স্থানীয় ভারতীয়দের শিক্ষিত করার অভিপ্রায়ে শাসনকার্যের স্বার্থে কেরানি শ্রেণি গড়ে তুলেছিল। শিক্ষা বিস্তারের সুযোগে ভারতীয়দের উচ্চশিক্ষা গ্রহণের পথ উন্মুক্ত হয়েছিল সত্য, তবে সেটা ব্রিটিশ শাসকদের উদ্দেশ্যমূলক ছিল। সে সুযোগেই স্থানীয়রা উচ্চশিক্ষা লাভ করতে পেরেছিল।

এ উচ্চশিক্ষার বিরুদ্ধে লর্ড কার্জনের নগ্ন হস্তক্ষেপে উচ্চশিক্ষার উন্মুক্ত পথটি বন্ধের অভিপ্রায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতন বৃদ্ধিসহ বিশ্ববিদ্যালয়গুলোর যাবতীয় কার্যাবলিকে ব্রিটিশ আমলাতন্ত্রের অধীনস্থ করেন। ব্রিটিশ শাসনকে নিষ্কণ্টক করার অভিপ্রায়ে নানাবিধ কালাকানুন আরোপ করেন। শিক্ষা-সংস্কৃতিতে অগ্রসর বাঙালিদের ওপরই কার্জনের খড়গহস্তটি সর্বাধিক পরিমাণে প্রসারিত হয়েছিল।

এই শ্রেণিকে সুযোগ-সুবিধা দিয়ে স্থায়ীভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন করার অভিপ্রায়ে ব্রিটিশ ভাইসরয়ের পরোক্ষ মদতে ব্রিটিশ সরকারের অবসরপ্রাপ্ত আমলা অ্যালেন অক্টোভিয়ান হিউমের প্রত্যক্ষ উদ্যোগে ১৮৮৫ সালে গঠিত হয় ভারতীয় জাতীয়  কংগ্রেস। সময়ের ব্যবধানে কংগ্রেস দলের লাগাম ব্রিটিশদের হাত বদলে ভারতীয়দের নিয়ন্ত্রণে চলে আসে।

কংগ্রেস দলের ব্রিটিশবিরোধী আন্দোলন-সংগ্রামে ক্ষুব্ধ লর্ড কার্জন কংগ্রেস সম্পর্কে মন্তব্য করেছিলেন, তার (কার্জনের) সাহায্যের কল্যাণেই এটি (কংগ্রেস) শান্তিপূর্ণ মৃত্যুবরণের পথ খুঁজে পাবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে চরম ব্যঙ্গবিদ্রূপ মন্তব্য করতেও কার্জন দ্বিধা করেননি। কার্জনের নিগ্রহ ও নিপীড়নমূলক নীতির কারণেই ভারতের ব্রিটিশ শাসন অবসানের লক্ষ্যে গঠিত হয়েছিল সশস্ত্র গোপন সমিতি। সশস্ত্র পন্থায় ব্রিটিশদের পরাস্ত করে মাতৃভূমি রক্ষাই ছিল গোপন সমিতির মূল লক্ষ্য।

বঙ্গভঙ্গ বাস্তবায়নে লর্ড কার্জন ১৯০৪ সালের ফেব্রুয়ারিতে পূর্ব বাংলায় আসেন। ব্রিটিশ শাসনাধীনে পূর্ব বাংলায় আগত ইংরেজ শাসকদের বিভিন্ন প্রদেশে আগমনকে উপলক্ষ করে বিভিন্ন স্থাপনা নির্মাণ তখন নিয়মে পরিণত হয়েছিল। কলকাতায় মহারানি ভিক্টোরিয়ার আগমন উপলক্ষে কলকাতার প্রাণকেন্দ্রে নির্মিত হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল। এ বিশালাকার ব্যয়সাপেক্ষ স্থাপনা নির্মাণে অর্থের জোগান ব্রিটিশ শাসকরা করেনি। স্থানীয় জনগণের ওপর অধিক করের বোঝা চাপিয়ে অর্থ আদায়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্মাণব্যয় নির্বাহ করা হয়েছিল।

একইভাবে ঢাকায় ১৮৭৪ সালে লর্ড নর্থব্রুকের আগমন উপলক্ষে ব্রিটিশদের পদলেহনকারী ব্যবসায়ী এবং পরবর্তীতে ব্রিটিশদের দেওয়া খেতাবপ্রাপ্ত কাগুজে নবাব আবদুল গণি কর্তৃক ২ লাখ ৫০ হাজার টাকা অনুদানে নর্থব্রুক হল নির্মাণ করা হয়েছিল। লর্ড কার্জনের আগমনকে স্মরণীয় রাখার অভিপ্রায়ে ভাওয়ালের রাজকুমার নরেন্দ্র নারায়ণের ১ লাখ ৫০ হাজার টাকা অনুদানে ঢাকায় নির্মিত হয়েছিল কার্জন হল। ১৯ ফেব্রুয়ারি ১৯০৪ সালে কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বয়ং লর্ড কার্জন। কার্জনের স্থাপিত ভিত্তিপ্রস্তরটি আজও কার্জন হলের মূল প্রবেশদ্বারের বাম পাশের দেয়ালে অক্ষত অবস্থায় রয়েছে।

ঢাকার সদরঘাট এলাকায় অবস্থিত ট্রেজারিটি তখন ছিল ঢাকা কলেজ। স্থান সংকুলানের অভাবে কলেজের লাইব্রেরিটি কার্জন হলে স্থানান্তরিত করা হয়। ঐতিহাসিকদের মতে, কার্জন হল টাউন হল হিসেবে ব্যবহারের জন্যই নির্মাণ করা হয়েছিল। বঙ্গভঙ্গ রদ হওয়ার পর সদরঘাট থেকে কার্জন হলে ঢাকা কলেজকে স্থানান্তরিত করে নতুন নামকরণ করা হয় ঢাকা গভর্নমেন্ট কলেজ। এর আগে কার্জন হল পাবলিক হল হিসেবেও ব্যবহৃত হয়েছে। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন হয়ে যায়। বিজ্ঞান অনুষদের শিক্ষাক্রম কার্জন হলকেন্দ্রিক আগের মতো আজও বলবৎ রয়েছে।

বঙ্গভঙ্গ মিশন বস্তবায়নের উদ্দেশ্যেই পূর্ব বাংলায় লর্ড কার্জনের আগমনের ঘটে। কাঙ্ক্ষিত উদ্দেশ্য সাধনে কার্জন ছুটে যান ময়মনসিংহে মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরীর অতিথি হয়ে। সেখানে মহারাজাকে বঙ্গভঙ্গের প্রস্তাব সমর্থনের জন্য অনুরোধ ও চাপ প্রয়োগ করেন। ব্রিটিশ শাসনাধীনে চিরস্থায়ী বন্দোবস্তের সুফলভোগী স্থানীয় মহারাজা, জমিদার সামন্ত শ্রেণির কেউ স্বয়ং ভাইসরয়ের প্রস্তাব উপেক্ষার ধৃষ্টতা দেখাতে সক্ষম হবে- কার্জনের কাছে সেটা ছিল অসম্ভব এবং চিন্তারও অতীত। অথচ মহারাজা সূর্যকান্ত চৌধুরী লর্ড কার্জনের বঙ্গভঙ্গের প্রস্তাব সরাসরি কার্জনের মুখের ওপর প্রত্যাখ্যান করে অনন্য নজির স্থাপন করেছিলেন।

ময়মনসিংহ গমনের মিশন ব্যর্থ হওয়ার পর কার্জন ঢাকায় ফিরে আসেন এবং নবাব সলিমুল্লাহর অতিথি রূপে আহসান মঞ্জিলে অবস্থান নেন। ঢাকার সম্ভ্রান্ত মুসলিমদের উপস্থিতিতে আহসান মঞ্জিলে লর্ড কার্জন বঙ্গভঙ্গের প্রস্তাব উত্থাপন করেন। স্থানীয় মুসলিম সম্প্রদায়ের উপস্থিতিতে সাম্প্রদায়িক বিভাজনকে উসকে বলেন, প্রস্তাবিত আসাম ও পূর্ব বাংলা নিয়ে গঠিত নতুন ইস্টার্ন বেঙ্গলের কর্তৃত্ব থাকবে সম্পূর্ণ রূপে মুসলিম সম্প্রদায়ের অধীনে। এখানকার মুসলমানদের আর হিন্দুদের কর্তৃত্বে থাকা কলকাতার মুখাপেক্ষী হতে হবে না। নবাব সলিমুল্লাহকে নতুন প্রদেশ উন্নয়নে সুদমুক্ত ১০ হাজার পাউন্ড প্রদানেরও প্রস্তাব দেন। নবাব সলিমুল্লাহর তখন আর্থিক টানাপোড়েন চলছিল। ওই অর্থ তার বিশেষ প্রয়োজন ছিল।

নবাব সলিমুল্লাহ তাৎক্ষণিক বঙ্গভঙ্গের প্রস্তাব সানন্দে গ্রহণ করেন। ময়মনসিংহের অপর জমিদার নওয়াব আলী চৌধুরীও সেখানে উপস্থিত ছিলেন। তিনিও কার্জনের বঙ্গভঙ্গের প্রস্তাব একবাক্যে সমর্থন করেন। বঙ্গভঙ্গ বাস্তবায়নে কার্জন চরম সাম্প্রদায়িকতার আশ্রয় নিতেও কুণ্ঠিত হননি। আকারে-ইঙ্গিতে, অপ্রত্যক্ষে-প্রত্যক্ষে পূর্ব বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের হৃদয়ের গভীরে সাম্প্রদায়িকতার বীজ রোপণ করে যান। যে কারণে পূর্ব বাংলার সম্ভ্রান্ত মুসলিম সম্প্রদায় সাম্প্রদায়িক উত্তেজনায় বঙ্গভঙ্গের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করে কার্জনের বঙ্গভঙ্গের মিশনকে গতিশীল করে তোলে।

বঙ্গভঙ্গবিরোধী আন্দোলন দ্রুত দাবানলের মতো কেবল বাংলায় নয়, ভারতবর্ষের সর্বত্র ছড়িয়ে পড়ে। বাংলার জাতীয়তাবাদী নেতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে লিখেছিলেন, ‘এতে বাঙালিরা অপমানিত-অসম্মানিত হচ্ছে এবং তাদের সমগ্র ভবিষ্যৎ বিপন্ন হয়েছে।’ তার মতে, বঙ্গভঙ্গ বাংলাভাষী জনগণের বর্তমান ঐক্যের প্রতি সতর্কভাবে পরিকল্পিত আঘাত। নিজ সিদ্ধান্তে অবিচল লর্ড কার্জন ৭ জুলাই ১৯০৫ সালে সরকারিভাবে বঙ্গভঙ্গের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

কার্জনের সে ঘোষণা কার্যকর হয় ১৬ অক্টোবর ১৯০৫ সালে। বঙ্গভঙ্গবিরোধী এ আন্দোলনের ব্যাপকতাই ব্রিটিশবিরোধী স্বদেশি আন্দোলনের পথ উন্মুক্ত করে দেয়। ব্রিটিশ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগঠিত এই আন্দোলন অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলেই ঘৃণিত লর্ড কার্জনের বঙ্গভঙ্গ বাস্তবায়ন স্থায়ী হয়নি। ১৯১১ সালে ব্রিটিশ পার্লামেন্টে বঙ্গভঙ্গ রদ হয়ে যায়। প্রকৃতভাবে জনদাবির মুখে রদ করতে বাধ্য হয়। পক্ষান্তরে স্থানীয় ব্রিটিশ শাসকদের জন্য ছিল সেটা চরম চপেটাঘাত।

এ অপমানের প্রতিশোধে ১৯১২ সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়। কলকাতা হারায় তার ঐতিহ্য।  হ্রাস পায় কলকাতার রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব। রাজধানীর মর্যাদা হারিয়ে কলকাতা কেবলই প্রদেশের রাজধানীতে পরিণত হয়। ওদিকে বৃহৎ বাংলাকে উদ্দেশ্যমূলক সংকুচিত করা হয়। ওড়িশা, বিহার, ছোট নাগপুরকে বাংলা থেকে বিচ্ছিন্ন করা হয়। আসাম আগের মতো স্বতন্ত্র প্রদেশে পরিণত হয়। পূর্ব ও পশ্চিমবাংলা নিয়েই বাংলা প্রদেশ তার পূর্বেকার আয়তন ও গুরুত্ব হারিয়ে ফেলে।

লেখক –মযহারুল ইসলাম বাবলা, নির্বাহী সম্পাদক, নতুন দিগন্ত

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর